২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মন্ট্রিয়ালে মানববন্ধন

কানাডার মন্ট্রিয়ালে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে একদল প্রবাসী।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সদেরা সুজন, কানাডার মন্ট্রিয়াল থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 07:43 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

মঙ্গলবার মন্ট্রিয়াল শহরে ‘বাংলাদেশ সিভিল সোসাইটি ইন মন্ট্রিয়্যাল’র ডাকে বাংলাদেশে সংখ্যালঘুদের সম্পত্তি দখল করাসহ নানা ধরনের নির্যাতনের প্রতিবাদে এক মানববন্ধনে অংশ নেন প্রবাসীরা।  

অংশগ্রহণকারীরা ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মানববন্ধনে উপস্থিত হন।  

মানববন্ধনে অংশ নিয়ে অ্যাডভোকেট অমলেন্দু ধর বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় থাকার পরও কিছু ক্ষমতাসীন মন্ত্রী-এমপিরা সংখ্যালঘুদের সম্পত্তি দখল করছে। মামলা করে সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবাদিক এবং মুক্তিযোদ্ধাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে।’

বাংলাদেশে সংখালঘু নির্যাতনের ঘটনাগুলোতে দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান অমলেন্দু ধর।  

কমিউনিটি নেতা দিলীপ কর্মকার সাংবাদিক প্রবীর শিকদারের প্রসঙ্গ এনে বলেন, ‘সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর হিন্দু সম্পত্তি দখল করার বিষয় তুলে ধরাতে শহীদ পরিবারের সন্তান সাংবাদিক প্রবীর সিকদারকে ৫৭ ধারায় গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে।’

দিলীপ কর্মকার ক্ষোভের সুরে বলেন, প্রতিটি সরকারের আমলেই সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানো হয়। নির্বাচন আসলে সংখ্যালঘুদের উপর ঝাঁপিয়ে পড়ে যার যার স্বার্থে।  

মানববন্ধনে আরও বক্তব্য দেন শ্যামল দত্ত, সাংবাদিক নারায়ণ দে সঞ্জু, ঐক্য পরিষদের সভাপতি জয়দত্ত বড়ুয়া, সঞ্জীব কুমার দাস উত্তম ও প্রদীপ সরকার দোলন।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com