শেষ হল ফোবানা সম্মেলন
নিউ ইয়র্কে পর্দা নামলো ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা, ফোবানার বাংলাদেশ সম্মেলনের।
রোববার রাতে নিউ ইয়র্কে ‘দেশপ্রেম ও মানবতার জয়গানে মুখরিত হোক বিশ্ব’- এই প্রত্যয়ে শেষ হল ৩দিনের ২৯তম ফোবানা সম্মেলন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ফোবানার ৩০তম আসর বসবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আর ৩১তম আসর হবে মায়ামিতে। আরও জানানো হয়, আগামী এক বছরের জন্যে ফোবানার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এবং নির্বাহী সচিব হয়েছেন নাহিদ চৌধুরী মামুন এবং আজাদুল হক।
সমাপনী পর্বে সেরা শিশু শিল্পী হিসেবে ফ্লোরিডার অমৃতা রায়, সেরা সাংস্কৃতিক সংগঠন হিসেবে ‘বিপা’ এবং সেরা মূকাভিনেতা হিসেবে কাজী মাশহুরুল হুদাকে ক্রেস্ট তুলে দেওয়া হয়। ফোবানার আয়োজক কমিটির পক্ষ থেকে গত ২৯ বছরে ফোবানার জন্যে নিরলসভাবে কাজ করে যাবার জন্য ড. নূরন্নবীকে ‘আজীবন সম্মাননা’ ক্রেস্ট দেওয়া হয়। বাংলা ভাষা ও সংস্কৃতি বিকাশের জন্যে ক্রেস্ট প্রদান করা হয় ফোবানার সাবেক সভাপতি আতিকুর রহমানকে।
ফোবানা সম্মেলনে শিশু শিল্পীদের পরিবেশনা। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
ফোবানা সম্মেলনে সুর ও ছন্দের নৃত্যনাট্য। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
নিউ ইয়র্ক শহরের জ্যামাইকার ইয়র্ক কলেজ পারফর্মিং আর্টস সেন্টারে ফোবানা কনভেনশনে যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত ও বাংলাদেশের শিল্পীরা অংশ নেন। অনুষ্ঠিত হয় বিষয়ভিত্তিক ১৫টি সেমিনার। উত্তর আমেরিকায় বাংলা সাহিত্য ও সংস্কৃতির সমস্যা এবং সম্ভাবনা শীর্ষক সেমিনারটি প্রবাসীদের মাঝে বেশ আগ্রহ তৈরি করে।
কনভেনশন উপলক্ষে বাঙালি খাবার ও পণ্যেরও জমজমাট মেলা বসেছিল।
লসএঞ্জেলেসে বসবাসরত সমাজকর্মী ডা. কালিপ্রদীপ চৌধুরী এ সম্মেলনের উদ্বোধন করেছিলেন।
এই বছরের আয়োজকরা আগামী বছরের সম্মেলনের আয়োজক সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি’র কর্মকর্তাদের কাছে ফোবানার পতাকা হস্তান্তর করেন। এবারের আয়োজক কমিটির পক্ষে আহকায়ক বেদারুল ইসলাম বাবলা এবং সদস্য সচিব জাকারিয়া চৌধুরী সবাইকে ধন্যবাদ দেন ৩ দিনের আয়োজনকে সফল করার জন্যে।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
