২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে ছাত্রলীগের শোক সভা

২১ অগাস্ট গ্রেনেড হামলা ও ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা করল সিঙ্গাপুর ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হোসেন মোঃ আল আমিন, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 03:28 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুর ছাত্রলীগ শাখা আয়োজিত এই আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিল্লাল হাওলাদার বলেন, “বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত তাদের ফাঁসির রায় কাযর্কর করা হোক।”

সিঙ্গাপুর ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান কনকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, “এখন সময় এসেছে বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকারীদের বিচার  সম্পন্ন করার পাশাপাশি ২১ অগাস্টের গ্রেনেড হামলাকারীদেরও বিচার করার।”

সভায় প্রধান অতিথি ছিলেন সিঙ্গাপুরে বাংলায় প্রকাশিত একটি পত্রিকার সম্পাদক এ কে এম মহসিন। তিনি বলেন, “বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে শুধু একজন নেতাকে হত্যা করা হয়নি, শেষ করে দেওয়া হয়েছিল আমাদের দেশের উন্নয়নের পথকেও। কিন্তু বঙ্গবন্ধু কন্যা তার স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য হাল ধরেন এবং তারই ধারাবাহিকতায় দেশ আজ উন্নয়নের পথে।”  

তিনি আক্ষেপ করে বলেন, “আজ বঙ্গবন্ধু থাকলে হয়তো বিদেশে আমাদের এত প্রবাসীকে শ্রমিক হিসেবে আসতে হতো না।”

বিশেষ অতিথি আরিফুল ইসলাম ইমন প্রবাসে ছাত্রলীগের এই উদ্দ্যোগের প্রসংশা করেন। তিনি সকলকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানার জন্য বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ার আহবান জানান।

বিশেষ অতিথি ও প্রধান বক্তা, নব্বই দশকের ছাত্রলীগ নেতা কাজী শিহাব উদ্দিন বলেন “ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে সবসময় স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে।” তিনি চান, ভবিষ্যতেও ছাত্রলীগ যেন পরিচালিত হয় যোগ্য নেতৃত্বে। 

অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন মনির হোসেন, কাজী শিহাব উদ্দিন ও কবি লিটন আহম্মেদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্রলীগ সহ-সভাপতি সাইফুল ইসলাম, শেখ হেলাল উদ্দিন, মিনহাজ উদ্দিন খান, তরুনলীগ সিঙ্গাপুর শাখার সভাপতি মাহবুব আবেদীন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ভূঁইয়া, সিঙ্গাপুর ছাত্রলীগের যুগ্ন-সম্পাদক সিরাজদৌলা, সাংগঠনিক সম্পাদক আরিফিন আরিফ।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com