২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের দেশে বিনিয়োগের আহবান

নিউ ইয়র্কে বিভিন্ন আর্থিক সুযোগ-সুবিধা সম্পর্কে প্রবাসীদের অবহিত করে দেশে বিনিয়োগ করার জন্য আহবান জানালেন বেসরকারি একটি ব্যাংকের শীর্ষকর্তা।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 05:10 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

সম্প্রতি নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসানুল হক। তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের বাংলাদেশে তথ্য-প্রযুক্তি, তৈরি পোশাক শিল্পসহ অনান্য কর্মসংস্থানমূলক শিল্প-কারখানা স্থাপনে বিনিয়োগের আহবান জানান।

মার্কেন্টাইল ব্যাংকের সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে প্রবাসীদের অবহিত করেন  তিনি।প্রবাসীদের বিনিয়োগকৃত প্রকল্পে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদি ঋণ সম্পর্কে ধারণাও দেন।ফিক্সড ডিপজিটে প্রবাসীরা যে হারে সুদ পাবেন তা কোনও মার্কিন ব্যাংকে পাওয়া যাবে না বলেও জানান তিনি।

নিউ ইয়র্কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এহসানুল হক বলেন, “বিনিয়োগের ক্ষেত্রে সমস্যা ও ঝুঁকি থাকলেও বিনিয়োগের জন্যে বাংলাদেশ হচ্ছে বর্তমান সময়ের অন্যতম সেরা জায়গা।

“যুক্তরাষ্ট্র যেমন বিনিয়োগের জন্য বিশ্বে অন্যতম সেরা তেমন বাংলাদেশ হচ্ছে অধিকহারে মুনাফা অর্জনের জন্য অন্যতম সেরা।”

ফিক্সড ডিপোজিটে আমেরিকার ব্যাংকের তুলনায় অধিকহারে সুদ পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে মার্কেন্টাইল ব্যাংকের এই শীর্ষকর্তা বলেন, “এক লাখ মার্কিন ডলার ১২ মাস জমা রাখলে মার্কেন্টাইল ব্যাংক সুদ দেবে আড়াই পার্সেন্ট হারে। সঞ্চিত অর্থের পরিমাণ যদি ১০ লাখ ডলারের বেশি হয় তাহলে সুদের হার দাঁড়াবে সাড়ে ৩ পার্সেন্ট। যা আমেরিকার কোন ব্যাংকই দিতে পারে না।”

ইতোমধ্যে যারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন তারাও এই সুবিধাগুলো পাবেন  আর জানান মার্কেন্টাইল ব্যাংকে একাউন্ট খোলা যাবে ওয়েবসাইটেই তাই অর্থ লেনদেনের জন্য বাংলাদেশে যাবারও প্রয়োজন নেই। অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ ট্রান্সফারের ব্যবস্থা থাকার কথাও জানান তিনি।

এহসানুল হক বলেন, “প্রবাসী বাংলাদেশিরা সিকিওরড গভর্ণমেন্ট বন্ডও ক্রয় করতে পারবেন আমেরিকান ডলারে। এই বিনিয়োগ নিরাপদ এবং লাভজনক একটি প্রক্রিয়া। বাংলাদেশ ব্যাংক প্রবাসীদের জন্যে এ ব্যবস্থা চালু করেছে।” এছাড়া বৈদেশিক মূদ্রা অ্যাকাউন্ট(এফ সি অ্যাকাউন্ট) খোলার সব নিয়ম-কানুনও মার্কেন্টাইল ব্যাংকের  ওয়েবসাইটে পাওয়া যাবে।

দেশে ছোট ও মাঝারি শিল্প কারখানা স্থাপন করতে চাইলে বেসরকারি মার্কেন্টাইল ব্যাংক প্রবাসীদের প্রকল্পের মোট অর্থের ৮০% পর্যন্ত ঋণ দিবে।“এমন সুযোগ বাংলাদেশে আর কোন ব্যাংকে নেই”, বলেন তিনি। 

বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান এবং বিনিয়োগ বোর্ডের শীর্ষকর্তাদের ধন্যবাদও জানিয়েছেন এহসানুল হক। তাদের উদারনীতির কারণেই ক্ষুদ্র, মাঝারি এবং ভারী শিল্প-কারখানা স্থাপনে উৎসাহ এবং প্রবাসীদের আগ্রহও বাড়ছে বলে মনে করছেন তিনি।


প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদেরসরাসরি জানাতে পারেন।পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহলেখা পাঠিয়ে দিন এইঠিকানায়  probash@bdnews24.com