আন্তর্জাতিক বাজারে যেতে চায় ‘কৃষিবিদ গ্রুপ’
বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান কৃষিবিদ গ্রুপ আন্তর্জাতিক বাজারে দেশের কৃষিপণ্য জনপ্রিয় করে তুলতে কানাডা প্রবাসীদের সহযোগিতা চেয়েছে।
শুক্রবার সন্ধ্যায় টরন্টোর এলিস ব্যাঙ্কুয়েট হলে পণ্য পরিচিতি ও বাজার উন্নয়নের লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো.আলী আফজাল। তিনি বাংলাদেশের কৃষি ভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানে বিনিয়োগ করার জন্য কানাডা প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানান।
ব্যবস্থাপনা পরিচালক মো. আলী আফজালের নেতৃত্বে কৃষিবিদ গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা বর্তমানে টরন্টো সফরে রয়েছেন।
কৃষিবিদ গ্রুপের স্থানীয় প্রতিনিধি এনামুল হক কাউসারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ড. মোহাম্মদ আলী, ড. মুজিবুর রহমান। মো. আলী আফজাল প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো.আলী আফজাল বলেন, “আমাদের কৃষিজাত পণ্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। নিউ ইয়র্কের বাজারেও শিগগিরই আমাদের পণ্য প্রবেশ করতে যাচ্ছে। মার্কিন আমদানিকারকদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে।” তিনি আরও জানান, কানাডার বাজারে তাদের পণ্য বাজারজাতকরনের চেষ্টাও তারা করছেন।
কৃষিবিদ গ্রুপের শীর্ষ নির্বাহী বলেন, “বাংলাদেশে সবধরনের ব্যবসায়ীরাই তাদের ঝুঁকির বিপরীতে বীমা সুবিধা পেলেও কৃষকরা কোন নিরাপত্তা পান না। কোনো কৃষকের ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেলে কোন ধরনের আর্থিক সহায়তার ব্যবস্থা নাই।” আর তাই কৃষিবিদ গ্রুপ কৃষকদের জন্য ইন্সুরেন্স ব্যবস্থা চালু করার প্রস্তুতি নিয়েছে। তিনি জানান, সরকারের অনুমোদন সাপেক্ষে শিগগিরই কৃষকদের জন্য বীমা চালু করবেন।
অনেক সংখ্যক প্রবাসী বাংলাদেশি এই মতবিনিময় সভায় অংশ নেন এবং বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ও ঝুকিঁ নিয়ে প্রশ্ন করেন।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
