নিউ ইয়র্কে‘বঙ্গবন্ধু স্মরণে’
বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪০তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে চলছে ১৩ দিনব্যাপী চিত্রকলা প্রদর্শনী ‘বঙ্গবন্ধু স্মরণে’।
শিল্পী খুরশিদ আলম সেলিমের উদ্যোগে তার প্রতিষ্ঠিত দ্য নিউ ইয়র্ক আর্ট কানেকশন গ্যালারিতে ১৫ অগাস্ট শুরু হওয়া এ প্রদর্শনীতে কানাডা, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের ১৩ শিল্পীর আঁকা ৪০টি ছবি স্থান পেয়েছে।
যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি শিল্পী সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রদর্শনীতে আসা আমেরিকানরা আগ্রহ নিয়ে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানতে চাইছেন। তাদের জন্য আমরা প্রদর্শনীস্থলে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের সংক্ষিপ্ত বৃত্তান্ত উপস্থাপন করার চেষ্টা করেছি।”
প্রবাসী বাংলাদেশিরাও এ প্রদর্শনীতে আসছেন বলে জানান এই শিল্পী।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে চলছে ১৩ দিনব্যাপী চিত্রকলা প্রদর্শনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বঙ্গবন্ধুকে উৎসর্গ করা এ প্রদর্শনীতে স্থান পেয়েছে ১৩ শিল্পীর আঁকা ৪০টি ছবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
সেলিম ছাড়াও টম ডি গ্রুয়েল, ড্যানিয়েল পালুম্বো, নিক পালুম্বো, সৈয়দা শামীমা বেগম, আনু এনাম, সৈয়দ আজিজুর রহমান, রুথ হলার, অ্যামান্ডা ফন রিজেন, মিকায়েলা, রাজিব আহসান, এমিলি ডগলাস এবং মাইকেল শাইটের চিত্রকর্ম স্থান পেয়েছে এ প্রদর্শনীতে।
লং আইল্যান্ডের সানরাইজ হাইওয়েতে এ প্রদর্শনী চলবে ২৭ অগাস্ট পর্যন্ত।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
