‘তারা কোন আওয়ামী লীগ করেন?’
কিছু নেতাকর্মীর ব্যাপারে এখনই সতর্ক না হলে ভবিষ্যতে দল বড় ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক আওয়ামী লীগ নেতা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড এবং ভার্জিনিয়া অঙ্গরাজ্য আওয়ামী লীগের যৌথ আয়োজনে স্প্রিংফিল্ডের একটি মিলনায়তনে এক শোক সভা হয়।
সভায় মেরিল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার সাথে জড়িতদের সমালোচনা যারা সহ্য করতে পারে না, তারা আসলে কোন আওয়ামী লীগ করেন সেটি ভাবার সময় এসেছে।”
‘টু পাইসের’ জন্য যারা আওয়ামী লীগ করেন, তাদের শনাক্ত করতে না পারলে সংগঠনকে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
আগের দিন ওয়াশিংটনে দূতাবাসে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের এই প্রবাসী নেতার বক্তব্য চলাকালে মারামারির ঘটনা ঘটে।
অনুষ্ঠানে তিনি বলেন, “কয়েক মাস আগ পর্যন্ত যারা জামায়াত-বিএনপির কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন, যারা এই ওয়াশিংটন ডিসিতে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জড়িতদের অভ্যর্থনা জানিয়েছেন, তারাও এখন বঙ্গবন্ধুর দরদী সেজেছেন এবং এ অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন।”
স্প্রিংফিল্ডের সভা শেষে শেখ সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দূতাবাসে মারপিটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভার্জিনিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি আই রাসেল এবং মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সহ-সভাপতি সাদেক খান গ্রেপ্তার হয়েছেন বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয়।
“শুধু জি আই রাসেলকেই পুলিশ গ্রেপ্তার করেছে।”
মারামারিতে আহত যুবলীগ কর্মী রবিউল হক রাজুকে হাওয়ার্ড হাসপাতালে জরুরি চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের একজন নেতা।
শোক সভায় সভাপতিত্ব করেন ভার্জিনিয়া অঙ্গরাজ্য আওয়ামী লীগের সভাপতি রফিক পারভেজ। বৃহত্তর ওয়াশিংটন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওসমান ফারুক মুন্সির সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন মেরিল্যান্ড আওয়ামী লীগের উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু, অমর ইসলাম, সাদেক খান, মেট্রো ওয়াশিংটন ছাত্রলীগ সভাপতি শামসুজ্জোহা ডন ও রফিক ইসলাম।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
