বঙ্গবন্ধু হত্যায় ‘সিআইএর ভূমিকার’ তদন্ত দাবি
বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার ষড়যন্ত্রে দেশি বিদেশি শক্তির সম্পৃক্ততা খুঁজে বের করার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে একদল কানাডা প্রবাসী।
শনিবার কানাডার টরন্টোতে বাম ঘরানার সংগঠন ‘প্রগতিশীল গনতান্ত্রিক উদ্যোগ’ আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে বিদেশি রাষ্ট্রের ভূমিকা বিশেষ করে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র ভূমিকা অবশ্যই তদন্ত হওয়া উচিত বলে দাবি করেছেন আলোচকরা।
অনুষ্ঠানের সঞ্চালক সাবেক ছাত্রনেতা মাহবুব আলম জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব একজন সার্বজনীন নেতা- সেই বিশ্বাস থেকেই আওয়ামী লীগের দলীয় ফোরামের বাইরে মহান এই নেতার জীবন নিয়ে আলোচনার আয়োজন করা হয়েছে।
সাবেক ছাত্রনেতা নাসির উদ দোজা বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে বিদেশি শক্তি বিশেষ করে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর ভূমিকা তদন্তের আওতায় আনা দরকার। বাংলাদেশ সরকারের উচিত এই ব্যাপারে মার্কিন সরকারের কাছে দাবি তোলা।”
দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমিন কানাডায় বসবাসরত বঙ্গবন্ধুর খুনী নুর চৌধুরীকে কানাডা থেকে বহিষ্কার করার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “কানাডার নাগরিক হিসাবে আপনারা সরকারের উপর চাপ প্রয়োগ করুন- আপনারা একজন খুনীর সঙ্গে সহঅবস্থান চান না- এই বার্তাটি আপনাদের সরকারের কাছে তুলে ধরুন।”
মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “মুক্তিযুদ্ধের চার মূলনীতি তথা ৭২ এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়েই জাতির জনক বঙ্গবন্ধু হত্যার যথাযথ প্রতিশোধ নেওয়া সম্ভব। কারণ, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশকে যেভাবে পশ্চাৎমুখী করা হয়েছিলো, ৭২ এর সংবিধানে ফিরে গেলেই দেশকে আবারও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।”
টিটু খন্দকার তার মূল প্রবন্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন পর্যায়গুলো তুলে ধরেন। আর বলেন, “১৯৭৫ সালে আওয়ামী লীগের ব্যর্থতা এবং কমিউনিষ্ট ন্যাপের ভুল ১৫ আগষ্টের পরিস্থিতি তৈরিতে সহায়তা করেছে।
“বাকশালে যোগ না দিয়ে ন্যাপ কমিউনিষ্ট পার্টি কার্যকর বিরোধী দলের ভূমিকায় নামলে জাসদের ছত্রছায়ায় স্বাধীনতাবিরোধী রাজনৈতিক শক্তির উত্থান ঘটতো না।”
এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যুৎ রঞ্জন দে, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী মাহাফুজুল বারী, ’নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর, ফারহানা আজিম শিউলী, ড. মনজুরে খোদা টরিক, মো: মাশুক, সৌমেন সাহা, মিনারা বেগম প্রমুখ।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
