সিঙ্গাপুরে শ্রদ্ধায় স্মরণ বঙ্গবন্ধুকে
বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে শনিবার বিকালে আলোচনা সভা, দোয়া ও বিশেষ মোনাজাত করা হয় সিঙ্গাপুরে বাংলাদেশ হাই কমিশনে।
বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভার শুরুর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পড়ে শোনান হয়। বিশেষ দোয়াও পাঠ করার পর শুরু হয় মূল পর্ব।
এই পর্বে প্রথমে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা মুন্সী শহিদুজ্জামান। তিনি বলেন, “বঙ্গবন্ধু একদিনে বঙ্গবন্ধু হননি । ছোটবেলা থেকেই তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন।” বঙ্গবন্ধুর হত্যাকারীরা যারা এখনও পৃথিবীর বিভিন্ন দেশে পালিয়ে আছে তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি তোলেন তিনি।
সিঙ্গাপুরের বাংলাদেশ বিজনেস চেম্বারের সভাপতি র্মীজা গোলাম সবুর বলেন, “দেশ ছেড়ে প্রবাসে এসেছি কিন্তু যেদেশেই গিয়েছি সেদেশের মানুষই প্রশ্ন করেছে- তোমাদের জাতির জনক যিনি সাধারণ মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ নামক একটি দেশ উপহার দিয়েছেন তাকে কেন তোমরা হত্যা করলে?”
তিনি আরও বলেন, “এখন কিছুটা শান্তি পাই যখন দেখি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির পিতার হত্যাকারীদের বিচার করছেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলার বাস্তবায়ন করছেন।”
কাউন্সিলর খাজা মিয়া বলেন, “আজও পৃথিবীর অনেক দেশে বঙ্গবন্ধুর হত্যাকারীরা ঘুরে বেড়াচ্ছে। ওইসব দেশের সরকার এই চিহ্নিত খুনিদের ফিরত দিচ্ছে না।”
সভার সমাপনী বক্তব্য রাখেন সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার মাহবুব উজ জামান। তিনি বলেন, “আজ অতন্ত্য শোকাবহ একটি দিন। এইদিনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছিল। হত্যাকারীদের হাত থেকে রেহাই পায়নি ছোট্ট শিশু শেখ রাসেলও।
“বাংলাদেশেরই কিছু কুলাংগার লোভে পড়ে এবং দেশীয় ও আর্ন্তজাতিক ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। তারা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি তারা বাঙ্গালি জাতির আর্দশকে হত্যা করেছে। হত্যাকারীরা চেয়েছিলো বাংলাদেশ যেন কখনোই পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এটা ছিলো একটা বিশাল ষড়যন্ত্র যার জন্যই আমাদের দেশ এখনও অনেক পিছিয়ে রয়েছে।”
তবে রাষ্ট্রদূতের মতে, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন দেশ অনেক এগিয়ে গেছে।তিনি আরও বলেন, “হত্যাকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আর্দশকে হত্যা করতে পারেনি।”
সিঙ্গাপুর ছাত্রলীগ এবং তরুণলীগও আয়োজন করে আলোচনা সভা ও দোয়ার। শনিবার ১৫ অগাস্ট প্রথম প্রহরে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ ছাত্রলীগ ও তরুণলীগ সিঙ্গাপুর শাখার নেতৃবৃন্দ। পঁচাত্তরের কালো রাতে শাহাদাতবরণকারী জাতির পিতা ও তার পরিবারের অন্যান্য সদস্যের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সভাপতির বক্তব্যে সিঙ্গাপুর ছাত্রলীগের বিল্লাল হাওলাদার বলেন যে “শোককে শক্তিতে পরিণত করে জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়ন করাই ছাত্রলীগের লক্ষ্য। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেনের নেতৃত্বেই আমরা বিদেশেও চাত্রলীগের শক্ত ঘাঁটি গড়ে তুলব”।
সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি বিল্লাল হাওলাদার ও সাধারন সম্পাদক সুলতান মাহমুদের নেতৃত্বে সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুল ইসলাম, ইব্রাহিম সহ-সাধারন সম্পাদক সিরাজউদ্দৌলা সাংগঠনিক সম্পাদক আরিফিন আরিফ সহ অন্যারা অংশগ্রহণ করেন।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
