২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধে প্রবাসীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গড়ার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের জন্য রসদ সংগ্রহে ভূমিকা রাখা বোস্টনে প্রবাসী বাঙালিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 05:29 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

শনিবার সন্ধ্যায় বোস্টনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সায়েন্স সেন্টারে ‘প্রবাসী বাঙালির মুক্তিযুদ্ধ এবং ড. মাহবুবুল আলম’ বইয়ের আলোচনা অনুষ্ঠানে বক্তারা এই দাবি তোলেন।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে প্রবাসে থেকে নানা কর্মকাণ্ডের মাধ্যমে সহযোগিতা ও অংশগ্রহণের দালিলিক প্রমাণ ও তথ্য সমৃদ্ধ এই বইয়ের ওপর আলোচনা সভা সেসময়ে বোস্টন ও যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে বসবাসকারী এবং মুক্তিযুদ্ধে সহায়তাকারীদের মিলনমেলায় পরিণত হয়।

মুক্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ আব্দুল মোমেন এবং প্রধান আলোচক ছিলেন বইয়ের সম্পাদক এবং ড. মাহবুবুল আলমের স্ত্রী সালমা আলম।

উনসত্তরের উত্তাল গণআন্দোলনের সময় থেকেই বোস্টনপ্রবাসী পদার্থ বিজ্ঞানী মাহবুবুল আলম সক্রিয় হন। তিনি পরিচিত সবাইকে সেসময় চলমান আন্দোলনের সঙ্গে একাত্ম করার উদ্যোগ নেন।

প্রয়াত মাহবুবুল আলমের স্মৃতিচারণ করে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোমেন বলেন, “মাহবুবুল আলমের উদারতা ও মানবিকতার পাশাপাশি ছিল দেশপ্রেম। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তিনি নানাভাবে কাজ শুরু করেন এবং তার নেতৃত্বে প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধে নানাভাবে সহায়তা করেন।

Image
‘প্রবাসী বাঙালির মুক্তিযুদ্ধ এবং ড. মাহবুবুল আলম’ গ্রন্থের ওপর আলোচনা অনুষ্ঠানে বস্টনের বিশিষ্টজনেরা। ছবি-বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম

‘প্রবাসী বাঙালির মুক্তিযুদ্ধ এবং ড. মাহবুবুল আলম’ গ্রন্থের ওপর আলোচনা অনুষ্ঠানে বস্টনের বিশিষ্টজনেরা। ছবি-বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম

“১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে মাহবুবুল আলম বোস্টনে সভা-সমিতির আয়োজন করেন, বিভিন্ন উপায়ে অর্থ ও সমরাস্ত্র সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেন। বোস্টনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাংলাদেশের পক্ষে সোচ্চার হতে উদ্বুদ্ধ করেন।”

পরবর্তীতে সেইসব শিক্ষকদের মাধ্যমেই মার্কিন কংগ্রেস সরব হয় মুক্তিযুদ্ধের পক্ষে। সে সময়ের নিক্সন প্রশাসন পাক হায়েনাদের পৃষ্ঠপোষকতা করলেও জনপ্রতিনিধিরা ছিলেন বাঙালির মুক্তি সংগ্রামের পক্ষে।

এ কে এ মোমেন আরো বলেন, “তখনকার মার্কিন সিনেটর এডোয়ার্ড কেনেডিসহ নির্বাচিত জনপ্রতিধিদের সঙ্গে যোগাযোগ, গণমাধ্যমের কাছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও গণহত্যার ভয়াবহতা তুলে ধরতেও তিনি অনন্য ভূমিকা রাখেন।”

তিনি বলেন, “মুক্তিযুদ্ধে সহায়তাকারী বিদেশিদেরকে সরকার সম্মাননা জানিয়েছে। প্রবাসী বাঙালিদের সম্মাননা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই কৃপণতা করবেন না। কারণ, তিনি আন্তরিকতার সাথেই মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে কাজ করছেন। একইসঙ্গে বিচারহীনতার যে সংস্কৃতি চালু হয়েছিল, সে অপবাদ দূর করতে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার অব্যাহত রয়েছে।”

যুক্তরাষ্ট্রে বাঙালিদের প্রথম দিকের অন্যতম সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড’ প্রতিষ্ঠায় ড. মাহবুবুল আলম ছিলেন অন্যতম এবং তিনি ছিলেন সংগঠনটির প্রথম নির্বাচিত সভাপতি।

সভায় মৌলবাদ ও সন্ত্রাসমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের পোশাপাশি ব্লগার নিলয় হত্যার তীব্র নিন্দা ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ড. কাজী আজিজুল হক, ড. মুনিরুল ইসলাম, ড. রেজাউর রহমান, ড. বামন দাশ বসু, ড. মনজুর আহমেদ, কম্যুনিটি লিডার ইকবাল ইউসুফ, আবু কামাল আজাদ, নাহিদ সিতারা, দুলাল তালুকদার, আবদুল সিনহা সান্টু, মুনীর সাজি, শাপুর আলম, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ জানে আলম, রোকেয়া মাহমুদ প্রমুখ।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com