১৫ অগাস্ট ঘিরে ৪৫ কর্মসূচি যুক্তরাষ্ট্রে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বার্ষিকীতে যুক্তরাষ্ট্রের ৩৮ অঙ্গরাজ্যে ৪৫টি কর্মসূচি পালন করবে প্রবাসী বাংলাদেশিরা।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ, ব্রুকলিন বরো আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গমাতা পরিষদ, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদ, সম্মিলিত পেশাজীবী পরিষদ বিভিন্ন স্থানে এই কর্মসূচিগুলো পালন করবে।
আওয়ামী লীগ নেতারা জানান, ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসের আগে প্রথম কর্মসূচিটি পালিত হবে ৯ অগাস্ট রোববার জ্যামাইকায় যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে। অন্য কর্মসূচিগুলো হবে ১৪ ও ১৫ অগাস্ট।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মূল অনুষ্ঠান হবে ১৫ অগাস্ট সন্ধ্যায়। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন।
এর আগের দিন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগের আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন।
নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের শোক-সমাবেশের পর ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডে নোয়াখালী ভবনের সামনের পার্কে প্রবাসীদের মধ্যে খাবার পরিবেশন করা হবে। এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘মেজবান পার্টি’।
নিউ ইয়র্কের বাইরের কর্মসূচিগুলো অনুষ্ঠিত হবে নিউ জার্সির প্যাটারসন, আটলান্টিক সিটি, পেনসেলভেনিয়ার ল্যান্সডেল ও ফিলাডেলফিয়া, ম্যাসেচুসেটসের বোস্টন, কানেটিকাটের হার্ডফোর্ড, ওয়াশিংটনের ভার্জিনিয়া, ফ্লোরিডার মিয়ামী, পামবিচ, ফোর্ট-লডারডেল এবং ওরল্যান্ডো, জর্জিয়ার আটলান্টা, ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেস, মিশিগানের ডেট্রয়েট, ইলিনয়ের শিকাগো, টেক্সাসের ডালাস ও হিউস্টন, ওয়াশিংটনের সিয়াটলে।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
