লন্ডনে ব্রিটিশ বাংলাদেশিদের অবদান অনেক: টেসা জাওয়েল
লেবার দলের সম্ভাব্য লন্ডন মেয়র প্রার্থী ডেইম টেসা জাওয়েল ব্রিটেনের রাজধানীর উন্নয়নে বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করে নির্বাচিত হলে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন।
সাবেক অলিম্পিক মন্ত্রী টেসা জাওয়েল মঙ্গলবার ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের এক সমাবেশে বলেন, “বিশ্বনগরী লন্ডনের সমৃদ্ধির পেছনে ব্রিটিশ বাংলাদেশি কম্যুনিটির অবদান অনেক।”
“অনেক বাংলাদেশি মনে করেন তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। মেয়র নির্বাচিত হয়ে এই কম্যুনিটির ঋণ শোধ করতে চাই।”
আগামী বছর মে মাসে অনুষ্ঠেয় লন্ডনের মেয়র নির্বাচনে কে প্রার্থী হবেন তা এখনও ঠিক করেনি ব্রিটেনের প্রধান রাজনৈতিক দলগুলো। তবে লেবার পার্টি মনোনয়নের জন্য টেসা জাওয়েলসহ ছয়জনকে এবং ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি চারজনকে প্রাথমিক তালিকায় রেখেছে।
সমাবেশে টেসা জাওয়েলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট পাশা খন্দকার, সাবেক লেবার দলীয় কাউন্সিলার আব্দাল উল্লাহ, ক্যানারি ওয়ার্ফ গ্রুপের নির্বাহী হাওয়ার্ড ডোবারসহ তরুণ প্রজন্মের কয়েকজন বাংলাদেশি পেশাজীবী।
লন্ডনের মেয়র প্রার্থীর দৌঁড়ে থাকা টেসার জাওয়েলের প্রচার সেলে দুই বাংলাদেশি পাশা খন্দকার ও আব্দাল উল্লাহ যুক্ত রয়েছেন।
পাশা খন্দকার
সমাবেশে টেসা জাওয়েল বলেন, “আমি এটা মেনে নিতে পারি না বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূতদের প্রতি পাঁচজনে দুইজন লন্ডনে বাসযোগ্য বেতনের চেয়েও কম বেতনে কাজ করছেন। বাংলাদেশি তরুণদের মধ্যে বেকারত্বের হার বেশি, মহিলাদের মধ্যেও এই সংখ্যা অনেক বেশি। অনেক বাংলাদেশি সুযোগ না পেয়ে তাদের স্বপ্ন ও সম্ভাব্যতা পূরণে ব্যর্থ হচ্ছেন।”
বাংলাদেশিদের আবাসন সমস্যা সম্পর্কে অবগত আছেন জানিয়ে মেয়র নির্বাচিত হলে তা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
