ভিয়েনায় শেখ কামালের জন্মবার্ষিকী পালন
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার অষ্টেলগাসে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে গেল।
অষ্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি আকতার হোসেন।অনুষ্ঠানে এম. নজরুল ইসলাম বলেন, “শেখ কামাল বহুমাত্রিক সৃষ্টিশীল প্রতিভার অধিকারী ছিলেন, ছিলেন তারুণ্যের দীপ্ত প্রতীক। আমৃত্যু তিনি দেশের নান্দনিক ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ দেশীয় সকল খেলার মানোন্নয়নে অক্লান্ত শ্রম দিয়ে অপরিসীম অবদান রেখে গেছেন।”
তিনি আরও বলেন, “কেবল ক্রীড়াঙ্গন নয় দেশ ও জাতির কল্যাণে মাত্র ২৬ বছর বয়সে নির্মোহ-নির্লোভ শেখ কামাল ভাইয়ের রেখে যাওয়া উজ্জ্বল ভূমিকায় আমরা উজ্জীবিত।’
অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির। আরও বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, সহ-সভাপতি রুহি দাস সাহা, বখতিয়ার রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল হক, আইন বিষয়ক সম্পাদক মাহবুব খান শামীম প্রমুখ।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
