১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘হাওয়াই মিঠাই’ দিয়ে ভেনিসে সেরার স্বীকৃতি রাকায়েত রাব্বির

“বিশ্বের নামকরা ফিল্ম প্রডিউসার ও ডিস্ট্রিবিউটররা যেভাবে আমাদের প্রজেক্টের প্রশংসা করেছেন, তা সত্যিই অবিশ্বাস্য।”

বিডিনিউজ২৪

সাইফুল ইসলাম, ইতালি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 12:51 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

শিশুর ওপর যুদ্ধের প্রভাব নিয়ে ‘হাওয়াই মিঠাই’ সিনেমা বানিয়ে ইতালির ‘সন অব আ পিচ অ্যাওয়ার্ড’ পেলেন তরুণ নির্মাতা রাকায়েত রাব্বি।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভেনিসের হোটেল এক্সেলসিয়রে ‘সেরা পরিচালক’ ক্যাটাগরিতে তার নাম ঘোষণা করা হয়।

এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে গুলির খোসার বিনিময়ে হাওয়াই মিঠাই কিনতে দেখা যায় এক শিশুকে। যুদ্ধ কীভাবে শিশুর মনস্তত্ত্বে প্রভাব ফেলে সেই গল্পই তুলে ধরা হয়েছে এতে। 

আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত পরিচালক রাকায়েত রাব্বি।

তিনি বলেন, “আন্তর্জাতিক অঙ্গনে এমন একটি মর্যাদাপূর্ণ মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের হয়ে পুরস্কার পাওয়া আমার জীবনের সবচেয়ে সেরা অনুভূতি। 

“স্ক্রিনিংয়ের সময় এবং পুরস্কার ঘোষণার পর বিশ্বের নামকরা ফিল্ম প্রডিউসার ও ডিস্ট্রিবিউটররা যেভাবে আমাদের এই ‘হাওয়াই মিঠাই’ (দ্য সুইটনেস অব এয়ার) প্রজেক্টের প্রশংসা করেছেন, তা সত্যিই অবিশ্বাস্য।”

রাব্বি বলেন, “পুরো টিমের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই অর্জন সম্ভব হতো না। ফেস্টিভ্যাল ডিরেক্টর এমানুয়েলা জেনোভেসের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা।”

এর আগে ২০২৪ সালে ভেনিসের মর্যাদাপূর্ণ কা’ ফস্কারি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছিলেন নির্মাতা রাকায়েত রাব্বি।

‘হাওয়াই মিঠাই’ অভিনেতা মিজানুর রহমান বলেন, “এই ঐতিহাসিক মুহূর্তে আমি ভেনিসের মাঠে সশরীরে উপস্থিত, যা একজন অভিনেতা হিসেবে আনন্দের। যখন (হোটেল এক্সেলসিয়রের) ‘কাম্পারি লাউঞ্জ’-এ বিশ্ব চলচ্চিত্রের বাঘা বাঘা মানুষের সামনে আমার সিনেমার নাম ও বাংলাদেশের নাম উচ্চারিত হয়েছে, তখন গর্ব হয়েছে। 

“এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের একার নয়, এটি পুরো বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জয়।”

ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সময় সেই শহরেই তরুণ ও উদীয়মান নির্মাতাদের এ আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয়ে থাকে। ২০২১ সাল থেকে ‘সন অব আ পিচ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান আয়োজন করে আসছে ইতালীয় প্রযোজনা প্রতিষ্ঠান ‘সেভ দ্য কাট’।