Published : 26 Mar 2026, 04:19 PM
বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
বৃহস্পতিবার এক ফেইসবুক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে মুইজ্জু লিখেছেন, “বাংলাদেশের স্বাধীনতা এবং ভবিষ্যতের আশা গভীরভাবে তুলে ধরা এই গুরুত্বপূর্ণ দিনের উদযাপন যে সব বাংলাদেশির জন্য তাদের দেশকে ধারাবাহিক উন্নতির দিকে নেওয়ার প্রচেষ্টার উৎস হয়ে দাঁড়াবে তা নিয়ে আমার কোনো সন্দে নেই।
“মালদ্বীপ বাংলাদেশকে বিশ্বাসযোগ্য প্রতিবেশী এবং উন্নয়নের অংশীদার মনে করে। আমাদের জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিন ধরে আমাদের অংশীদারত্বকে শক্তিশালী করেছে এবং পারস্পরিক অগ্রগতিতে সাহায্য করেছে।”
তেইশ বছরের শোষণ থেকে বাঙালির মুক্তির আন্দোলনের শ্বাসরোধ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা।
এরপর নয় মাসের যুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মদান, আড়াই লাখ মা-বোনের সম্ভ্রমহানি এবং জাতির অসামান্য ত্যাগের বিনিময়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।