Published : 19 May 2026, 08:02 AM
জার্মানির বন্দরনগরী হামবুর্গে উৎসবমুখর পরিবেশে তৃতীয়বারের অনুষ্ঠিত হয়ে গেল বাংলা বইমেলা ও বাংলা কার্নিভ্যাল।
রোববার হামবুর্গের হর্নার ফ্রাইহাইটে সাংস্কৃতিক সংগঠন ‘বাংলার পার্বণ’-এর তত্ত্বাবধানে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়
শুরুতে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের অন্যতম সংগঠক মৃদুল রায়।
তিনি বলেন, “বিদেশের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। আমরা চাই আমাদের সন্তানরা যেন তাদের শেকড়কে ভুলে না যায়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হামবুর্গের সংসদ সদস্য আইনজীবী মেহরিয়া আশুফতাহ।
তিনি অভিবাসী ও শরণার্থীদের অধিকার প্রতিষ্ঠায় তার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সংস্কৃতির ভূমিকা ব্যাখ্যা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিজ্ঞানী ও উদ্যোক্তা অমল মুখোপাধ্যায়। বক্তব্য দেন প্রবাসী সাংবাদিক শ্রাবণ রহমান।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ পর্বে ছিল নাচ, দেশাত্মবোধক গান, আধুনিক ও ব্যান্ড সংগীত এবং কবিতা আবৃত্তি।
সমাপনী বক্তব্য ‘বাংলার পার্বণ’-এর স্থায়ী সদস্য ও খাদ্য-পুষ্টি বিজ্ঞানী কামাল হোসেন বলেন, “নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার এ ধারা অব্যাহত থাকবে। আগামীতে আরও বড় পরিসরে বইমেলা ও কার্নিভ্যাল আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের।”