বাঁধনের ওপর হামলা: ভেনিসের মেয়রসহ শীর্ষ রাজনীতিকদের নিন্দা
মেয়র বলেন, “আমি চাই পুরো বাংলাদেশি সম্প্রদায় এ ঘটনার তীব্র নিন্দা জানাক।”
ইতালিতে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে মেস্ত্রে শহরে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ভেনিসের মেয়রসহ শীর্ষ রাজনীতিকরা।
বুধবার দেশটির টেলিভিশন চ্যানেল ‘টিজি ভেনেতো’-এর প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনার প্রেক্ষিতে পুরো বাংলাদেশি সম্প্রদায়কে সতর্ক করে ভেনিসের বর্তমান মেয়র সিমোনে ভেন্তুরিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন।
চ্যানেলটিকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র বলেন, “আমি চাই পুরো বাংলাদেশি সম্প্রদায় এ ঘটনার তীব্র নিন্দা জানাক এবং এর থেকে দূরত্ব বজায় রাখুক। এই ঘটনা প্রমাণ করে যে, এখানকার সমাজে বিদেশিদের পুরোপুরি মিশে যাওয়ার (ইন্টিগ্রেশন) ক্ষেত্রে এখনো অনেক কাজ বাকি।”
মেয়র এর আগেই জানিয়েছিলেন যে, “মেস্ত্রে শহরের ভিয়া জিউস্টিজিয়াতে নতুন একটি বড় মসজিদ নির্মাণের আলোচনার প্রধান শর্তই হলো স্থানীয় সমাজে বিদেশিদের এই মিলেমিশে থাকার মানসিকতা।”
মেয়রের পাশাপাশি এ ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় অন্যান্য শীর্ষ রাজনীতিকরাও। ভেনিস সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও সাবেক মেয়র এরমেলিন্দা দামিয়ানো এ হামলার নিন্দা জানিয়ে বলেন, “রাজনৈতিক মতাদর্শ বা মতপ্রকাশের কারণে কোনো নারীকে ভয় দেখানো বা শারীরিকভাবে হেনস্তা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভিন্নমত থাকলেও তা প্রকাশের অধিকারকে সম্মান করতে হবে।”
একইভাবে ভেনেতো বিভাগের প্রধান আলবের্তো স্টেফানিও ঘটনার সমালোচনা করেছেন। তিনি বলেন, “ভেনিসে কোনো নারী যেন নিজের মত প্রকাশ করতে বা অধিকারের পক্ষে কথা বলতে ভয় না পান, তা নিশ্চিত করতে হবে।”
‘টিজি ভেনেতো’-এর প্রতিবেদনে বলা হয়, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার জন্য ভেনিস চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইতালিতে এসেছিলেন ৪৩ বছর বয়সি অভিনেত্রী বাঁধন। মেস্ত্রের একটি হোটেল থেকে বের হওয়ার সময় একদল লোক তাকে ঘিরে ধরে। শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে সমর্থন দেওয়ার জেরে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
“রাস্তায় তার দিকে ডিম ছোড়া হয়, কোকাকোলা ঢেলে দেওয়া হয় এবং হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে সেটি দিয়েই তাকে আঘাত করাসহ চড়ও মারা হয়। হামলার সময় বাঁধনের সঙ্গে তার ভাই এবং কোলে চার বছর বয়সি এক শিশু ছিল।”
সর্বশেষ তথ্যানুযায়ী, হামলার পর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের সহায়তায় মেস্ত্রে থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন বাঁধন। বর্তমানে ভেনিস পুলিশের স্পেশাল সিকিউরিটি দল ‘ডিগোস’ হামলার এ ঘটনাটি তদন্ত করছে।
