ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর
প্রায় ২৭ বছর আগে জীবিকার সন্ধানে ইতালিতে পাড়ি জমান শফিকুল।
ইতালির বেরগামো শহরে ট্রেন দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
শফিকুল ইসলাম (৫৫) নামে এ কর্মীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জাজিসার গ্রামে।
স্থানীয় সময় রোববার সকালে কর্মস্থলে যাওয়ার পথে বেরগামোর লেভাতে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রম কাউন্সেলর মেহরুবা ইসলাম বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই শফিকুলের মৃত্যু হয়। স্থানীয়রা ইতালির জরুরি নম্বর ১১২-তে ফোন করলে পুলিশ ও চিকিৎসক ঘটনাস্থলে পৌঁছান। পরে লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের ভাতিজা সাইফুল ইসলাম জানান, প্রায় ২৭ বছর আগে জীবিকার সন্ধানে ইতালিতে পাড়ি জমান শফিকুল। সেখানে শ্রমিক হিসেবে কাজ করে তিনি দেশে থাকা স্ত্রী ও চার সন্তানের ভরণপোষণ চালাতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।
তদন্ত শেষে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শ্রম কাউন্সেলর মেহরুবা ইসলাম।
