১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় নিখোঁজের ১০ দিন পর নদীতে মিলল বাংলাদেশির লাশ

ধারণা করা হচ্ছে, বড় কোনো মাছ উঠাতে গিয়ে নদীতে পড়ে যান সাঁতার না জানা সবুজ।

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 08:15 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

যুক্তরাষ্ট্রের নর্দান ক্যালিফোর্নিয়ায় বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ১০ দিন পর প্রবাসী এক বাংলাদেশির লাশ নদীতে ভেসে উঠেছে।

সোমবার সাক্রামেন্টো সিটির আলামেডা কাউন্টি থেকে তার লাশ উদ্ধার করেছে সেখানকার পুলিশ।

নিহত প্রকৌশলী শাহনুর আলম সবুজের (৩৮) বাড়ি বগুড়ায়। ২০০৮ সালে অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তার সাত বছর বয়েসি এক ছেলে ও স্ত্রী রয়েছেন। আলামেডা কাউন্টিতে পরিবার নিয়ে থাকছিলেন।

সবুজের স্বজন ও পুলিশ বলছে, গত ৭ মার্চ দুপুরে সবুজ যেখানে মাছ ধরছিলেন, সেখানে দুটি বরশি, জুতা ও মাছ ধরার বালতি পড়ে থাকতে দেখা যায়। আরেকটি বরশি ও ও মাছ ধরার নেট পাওয়া যাচ্ছিল না। সে থেকে ধারণা করা হচ্ছে, বড় কোনো মাছ উঠাতে গিয়ে নদীতে পড়ে যান সাঁতার না জানা সবুজ।

এরপর স্থানীয় পুলিশ ও নৌবাহিনী খবর পেয়ে তল্লাশি চালিয়ে তখন পায়নি। ১০ দিন পর সোমবার তার লাশ নদীতে ভেসে ওঠে।

সবুজের জানাযা ও দাফন স্থানীয় সময় বুধবার বিকালে আলামেডা কাউন্টির মুসলিম গোরস্তানে হওয়ার কথা রয়েছে।