কারি লাইফের অনুষ্ঠানে প্রয়াত তৌফিক ইমরোজ খালিদীকে শ্রদ্ধা
“তার আকস্মিক মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতা জগতে শূন্যতা তৈরি হয়েছে।”
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে সদ্য প্রয়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে শ্রদ্ধা জানানো হয়েছে।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় যুক্তরাজ্যভিত্তিক কারি ও দক্ষিণ এশীয় খাবারের রেস্তোরাঁ শিল্পের পুরস্কার কারি লাইফ অ্যাওয়ার্ডসের ১৭তম আসরের শুরুতে এ শ্রদ্ধা জানানো হয়।
ম্যাফেয়ার এলাকার পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তৌফিক ইমরোজ খালিদীর উপস্থিত থাকার কথা ছিল।
এর মধ্যে বৃহস্পতিবার লন্ডন সফররত তৌফিক ইমরোজ খালিদী মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন; তার বয়স হয়েছিল ৫৯ বছর।
‘কারি লাইফ’ সাময়িকীর প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা অনুষ্ঠানে বলেন, খালিদীর আকস্মিক মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতা জগতে শূন্যতা তৈরি হয়েছে।
“কারি লাইফ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর। তিনি লন্ডনের একটি হোটেলে অবস্থান করছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে শুক্রবার তিনি লন্ডনের একটি হাসপাতালে মারা গেছেন।”
কর্মজীবনে তৌফিক ইমরোজ খালিদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছাড়াও দ্য ডেইলি স্টার, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসসহ (বাংলা) বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন।
বিবিসির উপস্থাপক জন কে ও লাক্সমি গোপালের সঞ্চালনায় ক্যারি লাইফের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ শতাধিক অতিথি অংশগ্রহণ করেন। এতে চারটি ক্যাটাগরিতে মোট ৪১টি পুরস্কার দেওয়া হয়।
