১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিউ ইয়র্কে ‘সংস্কৃতিতে ধর্মীয় আস্ফালন’ নিয়ে সেমিনার

এ আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠী, যুক্তরাষ্ট্র সংসদ।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2026, 12:01 PM

Updated : 11 Sep 2026, 03:26 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘সংস্কৃতিতে ধর্মীয় আস্ফালন’ শিরোনামে সেমিনার করেছে উদীচী শিল্পীগোষ্ঠী, যুক্তরাষ্ট্র সংসদ।

রোববার জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে এ আয়োজনে বাংলাদেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন আলোচকরা।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের অর্থনীতি বিভাগের অধ্যাপক বিরূপাক্ষ পাল। তিনি তার বক্তব্যে ‘গণপিটুনির প্রবণতা এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলার’ সমালোচনা করেন। 

অধ্যাপক পাল সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কিছু বক্তব্যের প্রেক্ষাপট টেনে বলেন, “জাতীয় ইতিহাস ও সংস্কৃতির ওপর ‘রিসেট বাটন’ চাপার চেষ্টা দেশের দীর্ঘকালীন ঐতিহ্যের জন্য ক্ষতিকর হতে পারে।”

সেমিনারে শিক্ষক ও সাংবাদিক আনিস আহমেদের মূল প্রবন্ধ পাঠ করেন সৈয়দ জাকির আহমেদ রনি। এতে বাঙালির সাংস্কৃতিক ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং ধর্মের রাজনৈতিক অপব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংগঠনের সভাপতি ক্ল্যারা রোজারিওর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কল্লোল দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লেখক ও সাংবাদিক সাগর লোহানী এবং সংগঠক খোরশেদুল ইসলাম। 

বক্তারা উগ্রবাদ ও সাংস্কৃতিক অসহিষ্ণুতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সেমিনারে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক লাবলু আনসার, মিথুন আহমেদ ও সাজ্জাদ হোসেন সবুজ।