Published : 14 Aug 2024, 06:19 PM
নাট্যকার, ভাষাবিজ্ঞানী ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী স্মরণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত হয়েছে দুই দিনব্যাপী নাট্যসন্ধ্যা।
শনি ও রোববার সন্ধ্যায় জ্যামাইকা নাট্যমঞ্চে মঞ্চস্থ হয় নাটক ‘জমা খরচ ইজা’, ‘মুখরা রমণী বশীকরণ’ ও ‘মিলিটারি’।
‘বাংলা থিয়েটার’ ও ‘শিল্পাঙ্গন’-এর উদ্যোগে এ আয়োজনে সহযোগী ছিল ‘বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস’ (বাফা)।
মুনীর চৌধুরীর লেখা ‘মিলিটারি’ নাটকের নির্দেশনায় ছিলেন আনোয়ার সেলিম। অভিনয় করেছেন শফিউল আলম, আনোয়ার সেলিম, লিটন ফিলিপস, মেহজাবিন মেহা ও রাইওসি বিশ্বাস।
ইলিয়ট ক্রুশে উইলিয়ামসের লেখা ‘ই অ্যান্ড ও সি’ নাটকটি বাংলায় ‘জমা খরচ ইজা’ শিরোনামে অনুবাদ করেন মুনীর চৌধুরী। নাটকটির নির্দেশক মো. নজরুল ইসলাম।
এতে অভিনয় করেন সুলতানা খান, শাহরুখ তাসনীম, সোনিয়া, পান্না, শফিউল আলম, আহসান উল্লাহ, মো. নজরুল ইসলাম ও শেখ তানভীর। প্রযোজনায় ছিল ‘শিল্পাঙ্গন’।
উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ‘দ্য টেমিং অব দ্য শ্রু’ নাটকটি ‘মুখরা রমণী বশীকরণ’ শিরোনামে অনুবাদ করেন মুনীর চৌধুরী। নির্দেশনা দেন অভিনেত্রী শিরীন বকুল। এতে অভিনয় করেন শিরীন বকুল ও কামাল মোহাম্মদ।
নাটক দেখার পর অনুভূতি জানিয়ে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া বলেন, “অভিনেতা-অভিনেত্রীরা প্রতিটি চরিত্রের সঙ্গে মিশে যাওয়ায় নাটকের মূল বক্তব্য দর্শকের কাছে সহজবোধ্য হয়েছে। জীবন-জীবিকা নিয়ে ব্যস্ততার মধ্যেও সংশ্লিষ্টদের এই অবদান কমিউনিটিকে পরিশুদ্ধ করতে সক্ষম হবে বলে মনে করছি।”
আয়োজনের সমাপনী দিনে হাওয়াই থেকে এসেছিলেন বাংলাদেশের অনরারি কনসাল জেনারেল জান রুমি ও তার স্ত্রী বীথি রুমি।
উপস্থিত ছিলেন অভিনেত্রী রেখা আহমেদ, বাংলা থিয়েটারের মালিক মুজিব বিন হক ও অভিনেতা তৌকির আহমেদ।