১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফ্রাঙ্কফুর্টে কুটিরশিল্প মেলায় বাংলাদেশি উদ্যোক্তাদের সাড়া

এবারের আসরে বাংলাদেশ থেকে মোট ৩৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

বিডিনিউজ২৪

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2026, 07:28 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম কুটিরশিল্প ও লাইফস্টাইল পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী অ্যাম্বিয়েন্টা ফেয়ার ২০২৬-এ বাংলাদেশ এ বছরও দক্ষতা, সৃজনশীলতা ও পণ্যের বৈচিত্র্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টি আকর্ষণ করছে।

শুক্রবার মেসে ফ্রাঙ্কফুর্ট এক্সিবিশন সেন্টারে শুরু হওয়া এ মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত। এবারের আসরে বাংলাদেশ থেকে মোট ৩৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। 

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর প্রত্যক্ষ ব্যবস্থাপনায় বাংলাদেশের তরঙ্গ, জুট ক্রাফটস বিডি, মাফ ক্রাফট অ্যান্ড ফ্যাশন, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ইকো ক্রেভ লিমিটেড পরিবেশবান্ধব ও উদ্ভাবনী পণ্য প্রদর্শন করে।

মেলাস্থল পরিদর্শন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইন এবং কমার্শিয়াল কাউন্সেলর চৌধুরী মো. গোলাম রাব্বী। 

এসময় তারা অংশগ্রহণকারী বাংলাদেশি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত ইউরোপীয় বাজারে পরিবেশবান্ধব ও মানসম্পন্ন পণ্যের ক্রমবর্ধমান চাহিদার কথা তুলে ধরে নতুন নকশা ও পণ্যের বৈচিত্র্যের মাধ্যমে বাজার সম্প্রসারণে উদ্যোক্তাদের উৎসাহিত করেন। পাশাপাশি আন্তর্জাতিক মান, পণ্যের নিরাপত্তা ও কমপ্লায়েন্স বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো মূলত পাট ও হস্তশিল্পভিত্তিক পণ্য, ঘরোয়া সাজগোজ, টেকসই ভোক্তা সামগ্রী এবং আধুনিক লাইফস্টাইল পণ্যের বৈচিত্র্য তুলে ধরে। প্রদর্শিত পণ্যে দেশের ঐতিহ্যবাহী কারুশিল্প, নান্দনিক নকশা ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতার প্রতিফলন দেখা যায়।

বিশ্ববাণিজ্যে সুপরিচিত এই মেলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রদর্শক, ক্রেতা ও ব্যবসায়ী অংশ নেন। টেকসই লাইফস্টাইল পণ্য এবং উদ্ভাবনী ভোক্তা সামগ্রীর নতুন বাজার সৃষ্টিতে অ্যাম্বিয়েন্টা ফেয়ারকে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়।

অংশ নেওয়া উদ্যোক্তারা জানান, মেলায় সরাসরি ক্রেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং নতুন বাজারে প্রবেশের বাস্তব সুযোগ তৈরি হয়েছে।