Published : 07 Mar 2026, 12:33 AM
ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও করণীয় নিয়ে কমিউনিটি নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।
বুধবার এই জরুরি বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেছেন, প্রয়োজন হলে বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনা করা হতে পারে।
পাশাপাশি ভিসা সংক্রান্ত যেকোনো জটিলতা বা সমস্যার বিষয়ে বাহরাইন সরকারের সঙ্গে বাংলাদেশ দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখার কথাও বলেছেন তিনি।
গেল ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা শুরু করে। জবাবে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে, মধ্যপ্রাচ্যের এমন দেশগুলো হামলা চালাচ্ছে। এ পর্যন্ত বাহরাইন ও আরব আমিরাতে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। কুয়েতে কয়েকজন আহত হয়েছেন।
ভিডিও কলের মাধ্যমে জরুরি এই বৈঠকের উন্মুক্ত আলোচনায় কমিউনিটি নেতারা চলমান পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা, সঠিক তথ্যপ্রবাহ এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
রাষ্ট্রদূত সেসব বক্তব্য শোনার পাশাপাশি বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে এবং বাহরাইন সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। একই সঙ্গে কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধ ও সংগঠিত থাকার আহ্বান জানান তিনি।
রইস হাসান বলেন, যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস সবসময় প্রবাসী বাংলাদেশিদের পাশে রয়েছে এবং দূতাবাসের জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।
বৈঠকের শুরুতেই সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রবাসী বাংলাদেশি আবুল মহসিন তারেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাষ্ট্রদূত। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।
বৈঠকে রাষ্ট্রদূত রইস হাসান সভাপতিত্ব করেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা বৈঠক সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মাহফুজুর রহমান। সেখানে বাহরাইনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।