১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাইলস্টোন ট্র্যাজেডি: সংহতি জানাল ব্রাজিল

এ দুর্ঘটনাকে ‘বেদনাদায়ক’ উল্লেখ করে বাংলাদেশের জনগণের পাশে থাকার বার্তা দেয় দেশটি।

বিডিনিউজ২৪

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2025, 09:06 AM

Updated : 26 Aug 2026, 01:26 PM

ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল ও কলেজে বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে ব্রাজিল।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুর্ঘটনাকে ‘বেদনাদায়ক’ উল্লেখ করে বাংলাদেশের জনগণের পাশে থাকার বার্তা দেয় দেশটি।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকায় একটি প্রশিক্ষণ বিমান স্কুল ভবনের ওপর ভেঙে পড়ায় ২০ জনের বেশি প্রাণহানি এবং শতাধিক আহত হওয়ার ঘটনায় ব্রাজিল সরকার গভীর দুঃখ প্রকাশ করছে।”

ব্রাজিল সরকার বাংলাদেশ সরকারের প্রতি সংহতি প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দুর্ঘটনায় কোনো ব্রাজিলীয় নাগরিকের ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই প্রসঙ্গে রাজধানী ব্রাসিলিয়ায় নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের হেড অব চ্যান্সারি ফুয়াদ হাসান পরাগ বলেন, “ব্রাজিল সরকারের এই মানবিক বার্তা শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং দুই দেশের মধ্যে আন্তরিক সম্পর্কের প্রতিফলন।”