১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

৫০ বছরে ব্রিক লেন মসজিদ: লন্ডনে বাংলাদেশিদের উৎসব

আগে এটি খ্রিস্টানদের চার্চ ও ইহুদিদের সিনাগগ হিসেবে ব্যবহৃত হতো।

৫০ বছরে ব্রিক লেন মসজিদ: লন্ডনে বাংলাদেশিদের উৎসব
পূর্ব লন্ডনে ক্রমবর্ধমান বাংলাদেশি কমিউনিটির নিজস্ব ধর্মীয় ও সামাজিক পরিচয়ের তাগিদে ১৯৭৬ সালে এটি মসজিদে রূপান্তরিত হয়।

বিডিনিউজ২৪

আনসার আহমেদ উল্লাহ, লন্ডন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 01:09 AM

Updated : 17 Sep 2026, 02:57 AM

যুক্তরাজ্যের লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম মিলনকেন্দ্র ব্রিক লেন জামে মসজিদের ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। 

শনি ও রোববার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৯৭৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত এ মসজিদের ইবাদত, সমাজসেবা ও সম্প্রীতির পাঁচ দশকের গৌরবময় পথচলাকে স্মরণ করে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। 

১৭৪৩ সালে নির্মিত স্পিটালফিল্ডস এলাকার ৫৯ ব্রিক লেনের এ ভবনটি একসময় ফরাসি প্রোটেস্ট্যান্টদের চার্চ ও পরে ইহুদিদের সিনাগগ হিসেবে ব্যবহৃত হতো। 

পরে পূর্ব লন্ডনে ক্রমবর্ধমান বাংলাদেশি কমিউনিটির নিজস্ব ধর্মীয় ও সামাজিক পরিচয়ের তাগিদে ১৯৭৬ সালে এটি মসজিদে রূপান্তরিত হয়।

উৎসবে অংশগ্রহণকারীরা।

উৎসবে অংশগ্রহণকারীরা।

আয়োজকরা জানান, সব বয়সি মানুষের কথা মাথায় রেখে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানমালা সাজানো হয়েছিল। শনিবারের আয়োজনটি শিশু, কিশোর, তরুণ ও নারীদের জন্য নিবেদিত ছিল। এদিন ‘গোল্ডেন জুবিলি র‍্যালি’, নারী ও যুব সমাবেশ এবং সিরাতুন্নবী (সা.) বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

পরদিন রোববার প্রবীণ ও কমিউনিটির নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সমাবেশ। এদিন ব্রিক লেন মসজিদের ইতিহাস, অর্জন, প্রবাসীদের নানাবিধ চ্যালেঞ্জ ও গল্প নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

সুবর্ণজয়ন্তীর উৎসবে উপস্থিত ছিলেন সাইয়িদ মুনিস খলিফা আল জিলানি এবং সাইয়িদ ফাদি জউবা ইবনে আলী আল হাসানি। অংশ নেন মুসল্লি, শিশু-কিশোর, নারী, প্রবীণ, ইসলামিক গবেষক ও কমিউনিটি নেতারা। মসজিদের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের স্মরণ করেন তারা।