১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ক্যালগেরিতে প্রবাসীদের জন্য তিনদিনের কনস্যুলার সেবা

কনস্যুলার ক্যাম্পে সেবার পাশাপাশি জমে উঠেছিল প্রবাসীদের মিলনমেলা।

বিডিনিউজ২৪

এম এল গনি, কানাডার এডমন্টন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2025, 12:22 AM

Updated : 26 Aug 2026, 02:19 PM

কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগেরিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য তিন দিনব্যাপী কনস্যুলার সেবা ও সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ সেন্টারের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রম চলে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর। টরন্টো থেকে কনসাল জেনারেল ফারুক হোসাইন ও তার দল ক্যালগেরিতে উপস্থিত থেকে কনস্যুলার সেবা দেন। 

পাসপোর্ট আবেদন ও নবায়ন, নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) ছাড়াও অন্যান্য সেবার আওতায় তিনদিনে প্রায় ৬০০ প্রবাসী বাংলাদেশি সেবা নিয়েছেন। আয়োজনে ক্যালগেরির বাংলাদেশি কমিউনিটির সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন।

প্রায় ৩০০ কিলোমিটার দূরের এডমন্টন ছাড়াও আলবার্টার বিভিন্ন শহর ও কাউন্টি, পার্শ্ববর্তী প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়া এবং যুক্তরাষ্ট্র থেকেও প্রবাসীরা কনস্যুলার সেবা নিতে ক্যালগেরিতে এসেছেন। কারণ, দূরত্ব ও ব্যয়ের কারণে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরের টরন্টো বা অটোয়া গিয়ে সেবা গ্রহণ করা অনেকের পক্ষেই সম্ভব হয় না।

অংশগ্রহণকারীরা জানান, সেবার গতি বাড়াতে ও ভোগান্তি কমাতে আরও কিছু বিষয় উন্নয়নের সুযোগ রয়েছে। অনলাইনে কাগজপত্র জমা দেওয়ার পরও ফটোকপি জমা দিতে হওয়ায় সময় ব্যয় বেড়েছে। 

এছাড়া টরন্টো ও অটোয়া ওয়েবসাইটে ডকুমেন্ট আপলোড নিয়ে স্পষ্ট নির্দেশনা না থাকায় অনেকে ভুল করেছেন, যা প্রক্রিয়াকে জটিল করেছে।

তবে আয়োজকদের আন্তরিকতা ও সহযোগিতার প্রশংসা করেছেন অনেকে। ক্যালগেরি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল রহমান, সহ-সভাপতি মাওলাদাদ হোসেনসহ আনোয়ারুল করিম হিরু ও আসিফ হোসাইন প্রমুখ মাঠে থেকে সেবা কার্যক্রম চালান।

অংশগ্রহণকারীদের প্রস্তাব, অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ করে কানাডার পশ্চিমাঞ্চলে, বিশেষত আলবার্টার রাজধানী এডমন্টনে একটি স্থায়ী কনস্যুলার অফিস চালুর উদ্যোগ নেওয়া জরুরি। এতে প্রবাসীরা দীর্ঘ ভ্রমণ ছাড়াই নিয়মিত কনস্যুলার সেবা পাবেন।