Published : 25 Apr 2026, 03:47 AM
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নানা আয়োজনে হয়ে গেল তিন দিনের বৈশাখী উৎসব।
এছাড়া বুধবার আলবেনির নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটলে অনুষ্ঠিত অধিবেশনে ১৪ এপ্রিলকে ‘বাংলা নববর্ষ’ হিসেবে ঘোষণার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়।
এদিন স্থানীয় সময় সকাল সোয়া ১১টায় নিউ ইয়র্ক স্টেট সেনেটের অধিবেশনে প্রস্তাবটি উত্থাপন করেন সেনেটর লুইস আর. সেপুলভেদা, নাথালিয়া ফার্নান্দেজ ও টবি অ্যান স্ট্যাকভিস্কি।
স্ট্যাকভিস্কি বলেন, বহুসাংস্কৃতিক নিউ ইয়র্কে বাঙালিরা শিক্ষা, ব্যবসা ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এই প্রস্তাব সেই অবদানের স্বীকৃতি।
তার বক্তব্যের পর উপস্থিত সদস্যরা সমর্থন জানান। অনুষ্ঠানে প্রায় ৫০ জন প্রবাসী বাঙালি উপস্থিত ছিলেন। তারাও দাঁড়িয়ে অভিবাদন জানান।
প্রস্তাবে বাংলা নববর্ষকে একটি ‘অসাম্প্রদায়িক ও বহুমাত্রিক’ সাংস্কৃতিক উৎসব হিসেবে তুলে ধরা হয়েছে, যার শিকড় মুঘল আমলের কৃষিভিত্তিক অর্থনীতিতে নিহিত।
প্রস্তাবের শেষাংশে গভর্নরের প্রতি আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়েছে, যেন তিনি ১৪ এপ্রিলকে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে ‘বাংলা নববর্ষ’ হিসেবে ঘোষণা করেন।
প্রস্তাবটি পাসের আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিচালক মহিতোষ তালুকদার তাপসের নেতৃত্বে রবীন্দ্রসংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে সেনেটর স্ট্যাভিস্কি বলেন, “নিউ ইয়র্কে বাংলা ভাষা ও সংস্কৃতি বিকাশে ‘এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড’ ও ‘মুক্তধারা ফাউন্ডেশন’ অনন্য ভূমিকা পালন করছে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন এনআরবি ওয়ার্ল্ডওয়াইডের সহ-সভাপতি কল্লোল বসু, সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন ও সঙ্গীত পরিচালক মহিতোষ তালুকদার তাপস।
কল্লোল বসু বলেন, “বাংলা নববর্ষ উদযাপনকে আমরা প্রবাসী বাঙালিদের গণ্ডি ছাড়িয়ে আমেরিকার মূলধারার সমাজে প্রতিষ্ঠিত করতে চাই।”