Published : 13 Nov 2025, 01:53 PM
মালদ্বীপের কাশিধু উপকূলের কাছে পণ্যবাহী নৌকাডুবির ঘটনায় এক প্রবাসী বাংলাদেশির লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ ও জাতীয় প্রতিরক্ষা বাহিনী (এমএনডিএফ)।
নিহত মো. আলমগীরের (৩০) বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নন্দনিয়া গ্রামে। পিতার নাম মো. নজরুল ইসলাম।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন বাংলাদেশ হাই কমিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন।
তিনি বলেন, “আলমগীর মালদ্বীপে আসেন মাত্র তিনদিন আগে। এর মধ্যেই ঘটে যায় এই দুর্ঘটনা। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, মালদ্বীপের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে বাংলাদেশ সরকারের অর্থায়নে আলমগীরের লাশ যেন দ্রুত দেশে পাঠানো যায়।”
মালদ্বীপ পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, “ফয়সালা নামের একটি পণ্যবাহী নৌকা ওইদিন সন্ধ্যায় দ্বীপের দক্ষিণ দিক থেকে কাশিধুর দিকে যাচ্ছিল। এসময় নৌকাটিতে ১১ জন আরোহী ছিলেন, যার মধ্যে পাঁচজন স্থানীয় নাগরিক এবং বাকি ছয়জন বিদেশি।
“নৌকা ডুবে সব আরোহী নিখোঁজ হওয়ার খবর পেয়ে মালদ্বীপ পুলিশ ও জাতীয় প্রতিরক্ষা বাহিনী যৌথভাবে তাদের দ্রুত উদ্ধারে অংশ নেয়। এসময় নিখোঁজদের মধ্যে একজন বাংলাদেশিকে মৃত অবস্থায় এবং বাকিদের জীবিত অবস্থায় পাওয়া যায়।
পরে তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রবাসী বাংলাদেশি মো. আলমগীরকে মৃত ঘোষণা করেন।
এই দুর্ঘটনার পর নৌকাটির বেশিরভাগ পণ্য সমুদ্রে ভেসে যাওয়ায় কর্তৃপক্ষ ওই এলাকার জাহাজ চলাচলে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।
আলমগীরের ভায়রা ভাই মালদ্বীপ প্রবাসী মো. সুমন বলেন, “আমার ভাইয়ের পরিবার খুব দরিদ্র। সে দেশ থেকে ঋণ করে মাত্র তিনদিন আগে মালদ্বীপে আসেন। তার মধ্যে এই দুর্ঘটনা। আমরা বাংলাদেশ হাই কমিশনে আবেদন জানিয়েছি, যেন তার লাশ সরকারি খরচে দেশে পাঠানো হয়।”