১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শিশু-কিশোরদের জন্য নিউ ইয়র্কে বসছে বাংলা বইমেলা

মেলার আয়োজন করেছেন ৪ বাংলাদেশি লেখক।

বিডিনিউজ২৪

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2026, 12:06 AM

Updated : 26 Aug 2026, 03:42 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৪ বাংলাদেশি লেখকের বই নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউ ইয়র্ক ছোটদের বাংলা বইমেলা ২০২৬’। 

লেখকরা হলেন- কাজী জহিরুল ইসলাম, সজল আশফাক, আলম সিদ্দিকী ও আশিক মুস্তাফা।

আসছে শনিবার জ্যামাইকার ১৬৭-১৬ হিলসাইড অ্যাভিনিউয়ে শাহী কিচেনের বেসমেন্টে এ আয়োজন করেছেন তারা।

প্রবাসী নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সাহিত্য ছড়িয়ে দিতে মেলাটি ওইদিন স্থানীয় সময় দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলা প্রাঙ্গণে বই প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি থাকবে লেখক-পাঠক আড্ডা, স্টোরিটেলিং বা গল্প বলা, ছড়া-কবিতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে লেখক আশিক মুস্তাফার কিশোর উপন্যাস ‘ছোট্ট একটা মা’-এর ইংরেজি সংস্করণ ‘লিটল মাদার’-এর মোড়ক উন্মোচন। ‘গ্রিফারমার্ক’ থেকে প্রকাশিত এ বইটিতে আছে গ্রামীণ শৈশব ও মায়েদের গল্প।

মেলা সম্পর্কে আশিক মুস্তাফা বলেন, “নিউ ইয়র্কে শিশু-কিশোরদের জন্য এটিই একমাত্র বিশেষায়িত বাংলা বইমেলা। গত বছরের মেলায় শিশুদের সাড়া এবং অভিভাবকদের ইতিবাচক প্রতিক্রিয়া আমাদের দ্বিতীয়বার এ আয়োজনে অনুপ্রাণিত করেছে। প্রবাসে বড় হওয়া এই শিশুদের বাংলা বইয়ের প্রতি আগ্রহ আমাদের নতুন স্বপ্ন দেখায়।”

আশিক জানান, এবারের মেলায় বাড়তি মাত্রা যোগ করবে বাংলাদেশের ৯০ দশকের ঐতিহ্যবাহী খেলনার প্রদর্শনী। পোস্টকার্ডের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম সেই সময়ের খেলনা ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে।