১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিগ টিকেটে প্রথম চেষ্টাতেই বাংলাদেশি কাঠমিস্ত্রির বাজিমাত

পুরস্কারের অর্থ ৭২ সদস্যের গ্রুপের মধ্যে ভাগাভাগি করে নেবেন মোহিন।

বিগ টিকেটে প্রথম চেষ্টাতেই বাংলাদেশি কাঠমিস্ত্রির বাজিমাত
ছবি: গালফ নিউজ

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2025, 12:16 AM

Updated : 26 Aug 2026, 05:16 PM

সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে ‘বিগ টিকেট’ লটারিতে প্রায় ৮৩ লাখ টাকা জিতে নিয়েছেন বাংলাদেশি কাঠমিস্ত্রি মুহাম্মদ মোহিন।

গালফ নিউজের খবরে বলা হয়, মোহিনের ভাগ্য পরীক্ষার বিশেষত্ব হলো, তিনি প্রথমবার বিগ টিকেট কিনেই বাজিমাত করেছেন। 

দেশটির আজমান শহরে কাজ করা মোহিন লটারি জেতার পর বলেন, “আমি কখনোই জেতার কথা ভাবিনি। প্রথমবার বিগ টিকিট কিনলাম, আর প্রথমবারেই জিতে গেলাম।”

এবার বিগ টিকেটের অনুষ্ঠান হয় দেশটির ইয়াস মারিনা সার্কিটে, যেখানে ফর্মুলা ওয়ানের (কার রেসিং) সবশেষ পর্ব অনুষ্ঠিত হয়। 

সেখানে মোহিনসহ নির্বাচিত কিছু ব্যক্তিকে ডাকা হয়। এরপর তাদের বলা হয়, ফর্মুলা ওয়ান প্রতিযোগিতার চালকদের ভেতর থেকে যেকোনো একজনের নাম বেছে নিতে।

এরপর বিগ টিকেট কর্তৃপক্ষ প্রতিযোগিতায় এসব চালকদের সম্ভাব্য অবস্থান ঠিক করে দেন। এগুলো ছিল ৩, ৬, ১০, ১৩ ও ১৮তম। 

মোহিন যাকে বেছে নেন, তিনি ছিলেন রেসিং বুলসের লিয়াম লসন। মজার বিষয় হলো, প্রতিযোগিতায় লসন ১৮তমই হন; আর মোহিন জিতে নেন আড়াই লাখ দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৮৩ লাখ টাকা)।

লটারি জেতার পর মোহিনকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি লসনকে আগে থেকে চিনতেন কিনা।

তিনি হাসতে হাসতে জবাব দেন, ‘না, তাকে আমি চিনি না। এলোমেলোভাবে তার নাম তুলে নিয়েছিলাম।”

৩০ বছর বয়সী মোহিন পুরস্কারের অর্থ ৭২ জনের গ্রুপে ভাগ করে দিতে চান, যাদের মধ্যে অনেকেই আগে কখনো বিগ টিকিটে অংশগ্রহণ করেননি। 

তিনি বলেন, “এখন থেকে টিকেট কেনা অব্যাহত রাখব। আজ রেস দেখলাম, ইয়টে বসলাম, যেসব অভিজ্ঞতা পেলাম, আমি স্বপ্নেও ভাবিনি।”