Published : 01 Jun 2026, 02:51 PM
যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘নিউ ইয়র্ক গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট ২০২৬’। মোট ১১টি ক্যাটাগরিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র জমা নেওয়া হচ্ছে।
আসছে ৮ অগাস্ট দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে উৎসবের প্রথম আসর অনুষ্ঠিত হবে।
‘নিউ ইয়র্ক ফিল্ম ফাউন্ডেশন’ আয়োজিত এ উৎসবের প্রধান সহযোগী হিসেবে কাজ করছে ‘ডায়াসপোরা ইউএসএ’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, আগামী ৫ জুলাই পর্যন্ত উৎসবের জন্য চলচ্চিত্র জমা দেওয়ার সুযোগ থাকবে।
সাবমিশন ওপেন হওয়ার এক মাসের মধ্যেই যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও ভারতসহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশ থেকে ২৬৫টি চলচ্চিত্র জমা পড়েছে।
আন্তর্জাতিক চলচ্চিত্র প্ল্যাটফর্ম ‘ফিল্মফ্রিওয়ে’-এর মাধ্যমে জমাকৃত চলচ্চিত্রের সংখ্যার ভিত্তিতে ইতোমধ্যে উৎসবটিকে ‘বেস্ট সেলার’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
উৎসব পরিচালক ও নিউ ইয়র্ক ফিল্ম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শামীম আল আমিন জানান, ৮ অগাস্ট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দুটি আলাদা ভেন্যুতে উৎসবের কার্যক্রম চলবে। উৎসবের জুরি বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র নির্মাতা লিয়ার লেভিন।
প্রথম পর্ব সকালে জ্যামাইকার কুইন্স লাইব্রেরি সেন্ট্রাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার, ওয়ার্কশপ এবং চলচ্চিত্র প্রদর্শনী। দ্বিতীয় পর্ব বিকেলে জ্যামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিং-এ চলবে চলচ্চিত্র প্রদর্শনী, বিশেষ আলোচনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উৎসবের আহ্বায়ক প্রতাপ দাস জানান, বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী নির্মাতাদের পুরস্কৃত করা হবে। গত তিন বছরের মধ্যে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ডকুমেন্টারি এ উৎসবে অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হচ্ছে, যেখানে শিক্ষার্থী ও নবীন নির্মাতাদের জন্য থাকছে বিশেষ বিভাগ।
উৎসব সংক্রান্ত আরও তথ্য জানতে www.nygsfilmfest.com ভিজিট করার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।