১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিউ ইয়র্কে যুবদল নেতা জাকিরের ওপর হামলার অভিযোগ

এ ঘটনায় গ্রেপ্তার নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি টুটুল পরে জামিনে মুক্তি পেয়েছেন।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2026, 10:19 AM

Updated : 11 Sep 2026, 03:43 PM

নিউ ইয়র্ক সিটির ওজোন পার্কে যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি ও রিয়েল এস্টেট ব্যবসায়ী জাকির এইচ চৌধুরীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বিকালের এ ঘটনায় নিউ ইয়র্কে নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাঈম টুটুলকে গ্রেপ্তার করে পুলিশ (এনওয়াইপিডি)। পরদিন তাকে আদালতে হাজির করা হলে তিনি জামিনে মুক্তি পান বলে ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস জানিয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, জাকির এইচ চৌধুরী তার দুই সহকর্মীকে সঙ্গে নিয়ে ওজোন পার্কের একটি সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তার সামনে এসে নাঈম টুটুল বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে জাকিরের মাথায় আইফোন দিয়ে আঘাত করেন টুটুল। 

এসময় জাকিরের সঙ্গে ছিলেন তার মালিকানাধীন এক্সিট রিয়েল্টির পরিচালক মীর্জা হোসেন ও সেলসপার্সন রাসেল। তারা জরুরি সেবার ৯১১ নম্বরে ফোন করলে দুই মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। তখন দৌড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হন টুটুল, ধরা পড়েন পুলিশের হাতে। এরপর জাকিরকে প্রাথমিক চিকিৎসা দেয় অ্যাম্বুলেন্সে আসা প্যারামেডিকসরা।

জাকির চৌধুরী বলেন, “দুপুরের খাবার খেয়ে দুই সহকর্মীর সঙ্গে অফিসে ফেরার সময় লিবার্টি অ্যাভেনিউ এবং সেরিডান অ্যাভেনিউয়ের কর্নারে নাঈম টুটুলের হামলার শিকার হই।”

গত সপ্তাহে অনুষ্ঠিত একটি মতবিনিময় সভায় সভাপতিত্ব করা নিয়ে জাকিরের সঙ্গে টুটুলের বিরোধ তৈরি হয়। এর জেরে এ হামলা ঘটতে পারে বলে ধারণা করছেন বিএনপির নেতাকর্মীরা।

তারা বলছেন, নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

বিএনপির কয়েকজন নেতাকর্মীর ভাষ্য, ওই অনুষ্ঠানে টুটুলকে সভাপতিত্ব করতে দেননি জাকির চৌধুরী। অতিথি ও নেতাকর্মীদের সামনে টুটুলের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেন জাকির। এ ঘটনায় ক্ষুব্ধ হন টুটুল। 

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জাকির চৌধুরী।

এ বিষয়ে জানতে শুক্রবার টুটুলের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

টুটুল সেবা ও কল্যাণমূলক সংগঠন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্বে রয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে তাকে এ পদ থেকে সরানোর দাবি জানিয়েছেন প্রবাসীদের কেউ কেউ।