যুুক্তরাষ্ট্রে রোজা শুরু বুধবার
কোনো কোনো মসজিদে সেহেরি পরিবেশনের কর্মসূচি রয়েছে।
রোজার মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকে যুক্তরাষ্ট্রে রোজা রাখা শুরু হয়েছে।
আগের দিন নিউ ইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টারসহ মসজিদে মসজিদে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিমরা তারাবির নামাজে অংশ নেন।
ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা (ইকনা), কাউন্সিল অন ইসলামিক রিলেশন্সসহ (কেয়ার) প্রধান প্রধান সংগঠনগুলো জানিয়েছে, বাংলাদেশিদের পরিচালিত আড়াই শতাধিক মসজিদসহ যুক্তরাষ্ট্রের ৩২০০ মসজিদে মঙ্গলবার তারাবির নামাজ অনুষ্ঠিত হয়।
বিভিন্ন মসজিদে প্রতিদিন রোজাদারদের মধ্যে বিনামূল্যে ইফতারির ব্যবস্থা করা হবে। কোনো কোনো মসজিদে সেহেরি পরিবেশনের কর্মসূচিও রয়েছে।
নিউ ইয়র্ক সিটির তরফে মেয়র জোহরান মামদানি বলেছেন, লোকজনের মসজিদে আসা-যাওয়ার সময় নিরাপত্তা নিশ্চিতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ম্যারিল্যান্ড, ভার্জির্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, আরিজোনা, টেক্সাস, কানেকটিকাট, ম্যাসেচুসেট্স, মিনেসোটা, ওরেগণ, ওয়াশিংটন স্টেটেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
এদিকে নিউ ইয়র্কে বাংলাদেশি নিত্যপণ্যের দোকানে ইফতারি পণ্যের দাম হ্রাসের ঘোষণা সপ্তাহ খানেক আগেই দেওয়া হয়েছে। রেস্তোরাঁগুলোতে ১৬ পদের ইফতারি বক্সের দাম ১১ ডলার ঠিক করা হয়েছে।
