Published : 04 May 2026, 01:42 PM
প্রবাসী শ্রমিকদের অধিকার, মর্যাদা ও ঐক্যের প্রত্যয়ে বাহরাইনে আন্তর্জাতিক মে দিবস পালন করেছে বাংলাদেশি বিদ্যুৎমিস্ত্রীদের সংগঠন ‘বাহরাইন-বাংলাদেশ ইলেকট্রিক্যাল সুপার টিম’।
দিনটি উপলক্ষ্যে শুক্রবার রাতে রাজধানী মানামার কুকমেইল রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে আলোচনা সভা করেন তারা।
সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বলেন, “২০১৯ সালে যাত্রা শুরু করা আমাদের সংগঠন বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৬০০-এর বেশি।”
তিনি জানান, প্রবাসীদের চাকরির সুযোগ সৃষ্টি, চিকিৎসা সহায়তা দেওয়া, খেলাধুলা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে কমিউনিটিকে ঐক্যবদ্ধ রাখতে সংগঠনটি কাজ করে যাচ্ছে।
সভায় প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মোহাম্মদ মাহফুজ রহমান।
তিনি বলেন, “প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় দূতাবাস সবসময় সচেষ্ট রয়েছে এবং যেকোনো সমস্যায় প্রবাসীদের পাশে থাকবে।” একই সঙ্গে তিনি স্থানীয় আইন মেনে চলা এবং কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সেলিম উদ্দিন, খায়রুল বাসার, আব্দুল হান্নান, আমীর হামজা, মিজানুর রহমান, আব্দুল হালিম ফয়সাল ও ওবায়দুল্লাহ। এছাড়া প্রবাসী গণমাধ্যমকর্মী সম্রাট নজরুল ইসলাম ও নোমান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাইন উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রায় দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।