Published : 21 Oct 2025, 01:31 PM
জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়ে গেল দেশটিতে বসবাসরত বাংলাদেশি পেশাজীবী, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলাদেশি প্রফেশনাল নেটওয়ার্ক’-এর বার্ষিক সম্মেলন।
শনি ও রোববার দুই দিনব্যাপী এ আয়োজনে ১৭টি শহর থেকে আসা অংশগ্রহণকারীরা পরস্পরের সঙ্গে কাজের অভিজ্ঞতা, শিক্ষা ও দক্ষতা বিনিময় করেন।
এতে অতিথি ছিলেন ডয়চে ভেলের প্রোগ্রাম ফর এশিয়ার প্রধান সঞ্জীব বর্মন এবং রকমারি ডটকমের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাহমুদুল হাসান সোহাগ।
সম্মেলনে কয়েকটি উদ্যোগের ঘোষণা করা হয়। ‘এসসিসিজি ক্যারিয়ার ল্যাব জার্মানির’ সহায়তায় চালু করা হয়েছে ‘বাংলাদেশি জব পোর্টাল’, যেখানে দক্ষ পেশাজীবীরা চাকরি, ইন্টার্নশিপ ও প্রশিক্ষণের সুযোগ পাবেন। পাশাপাশি আউসবিল্ডুং ও স্টাডি প্রোগ্রাম, বাংলা ই-লার্নিং প্ল্যাটফর্ম এবং জার্মান ভাষা শেখার নতুন কোর্স চালুর ঘোষণা দেওয়া হয়।
এছাড়া উদ্বোধন করা হয় মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক সহায়তায় ‘কমিউনিটি কেয়ার উইং’ এবং আর্থিক বা অ্যাকাডেমিক সমস্যায় থাকা শিক্ষার্থীদের সহায়তায় ‘স্কলারশিপ ফান্ড’।
আয়োজকরা জানান, এসব উদ্যোগের লক্ষ্য হলো জার্মানিতে অবস্থানরত শিক্ষার্থী ও নতুন আসা বাংলাদেশিদের দক্ষতা বাড়ানো ও কর্মজীবনে সংযুক্ত করা।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল ‘বাংলাদেশ এক্সেলেন্স অ্যাওয়ার্ড’। জার্মানিতে কর্মরত বাংলাদেশিদের পেশাগত সাফল্য ও উদ্ভাবনী অবদানের স্বীকৃতি হিসেবে এবছর পুরস্কার পান অধ্যাপক কারমেন ব্র্যান্ড্ট, সাংবাদিক আরাফাতুল ইসলাম, দেওয়ান শফিকুল ইসলাম ও ফজলে আলী খন্দকার।
মো. হাসনাইন ও রবিউল এইচ. চৌধুরীর উদ্যোগে ‘বাংলাদেশি প্রফেশনাল নেটওয়ার্ক’ যাত্রা শুরু করে ২০২৪ সালে। পরে কে এম সাজ্জাদ, হাসনাত রিয়াদ ও সামিউর রহমান এই উদ্যোগকে সম্প্রসারিত করেন।