২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আমিরাতে ঘুমের মধ্যে মৃত্যুর কোলে তিন বাংলাদেশি তরুণ

তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে জেনারেটর থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।

আমিরাতে ঘুমের মধ্যে মৃত্যুর কোলে তিন বাংলাদেশি তরুণ

মৃত তিন বাংলাদেশি তরুণ- গিয়াস উদ্দিন, আমিরুল ইসলাম কাইয়ুম এবং মোহাম্মদ রাকিব। (বামদিক থেকে)

জাহাঙ্গীর কবীর বাপপি

আরব আমিরাত প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2022, 07:47 PM

Updated : 10 Dec 2022, 07:47 PM

সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলীয় প্রদেশ রাস আল খাইমাহ-তে তিন বাংলাদেশি তরুণের লাশ একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে।

মৃত তিনজনের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে এবং তাদের বাড়ি চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায়।

নিহতরা হলেন- চন্দনাইশ থানার হাশিমপুর ইউনিয়নের গিয়াস উদ্দিন, পটিয়ার বাহুলি ইউনিয়নের আমিরুল ইসলাম কাইয়ুম এবং পটিয়ার লালারখীল ইউনিয়নের মোহাম্মদ রাকিব।

বৃহস্পতিবার সকালে ওই তিন বাংলাদেশি তরুণের লাশ নিজেদের বাসস্থান থেকে উদ্ধার রাস আল খাইমাহ পুলিশ বলে জানিয়েছেন রাস আল খাইমাহ- এর ‘বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রে’র সাধারণ সম্পাদক এম এ মুসা।

তিনি জানান, নিহতরা সবাই একটি বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারিতে কাজ করতেন এবং গ্রোসারি সংলগ্ন কক্ষেই বসবাস করতেন। বৃহস্পতিবার তাদের মৃত্যু সংবাদ শোনার পর স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা সেখানে ছুটে যান।

তিনি বলেন, “নিহতদের প্রতিবেশীরা মনে করছেন যে ঘরে ওই তিন বাংলাদেশি তরুণ থাকতেন সেখানে জেনারেটর থেকে নিঃসৃত বিষাক্ত গ্যাসের কারণেই তাদের ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের পরই প্রকৃত তথ্য জানা যাবে।”

নিহতদের লাশ ময়না তদন্তের জন্য স্থানীয় শেখ সাইফ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

এ বিষয়ে দুবাইয়ের বাংলাদেশ কন্সুলেটের শ্রম সচিব ফকির মনোয়ার হোসেন জানান, তারা ওই তিন তরুণের মৃত্যুর ঘটনাটি সম্পর্কে জেনেছেন। তিনজনই ভ্রমণ ভিসায় আমিরাতে এসেছিলেন।  

তিনি বলেন, “মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তারা পুলিশের  সাথে যোগাযোগ রাখছেন।”