১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মালদ্বীপে প্রবাসীর আত্মহত্যা, দূতাবাসের সহায়তায় দেশে এল লাশ

দেশে হাসানের স্ত্রী ও এক শিশুসন্তান রয়েছে।

মালদ্বীপে প্রবাসীর আত্মহত্যা, দূতাবাসের সহায়তায় দেশে এল লাশ
মো. হাসান মিয়া (২৮)

বিডিনিউজ২৪

কে এম ওমর ফারুক, মালদ্বীপ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 01:40 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

উন্নত ভবিষ্যতের আশায় মালদ্বীপে যাওয়ার মাত্র দুই মাসের মাথায় ‘পারিবারিক কলহে’ এক বাংলাদেশি কর্মী আত্মহত্যা করেছেন। দেশটিতে বাংলাদেশ হাই কমিশনের সহায়তায় তার লাশ দেশে পাঠানো হয়েছে।

মো. হাসান মিয়া (২৮) নামে এ প্রবাসীর বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলায়। পিতার নাম মো. জালাল মিয়া।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন জানান, পহেলা সেপ্টেম্বর রাতে থিনাধু আইল্যান্ডে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হাসান। পরে হাই কমিশন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে শনিবার রাতে লাশ দেশে পাঠানো হয়।

নিহতের বড় ভাই মো. সুমন মিয়া জানান, থিনাধু আইল্যান্ডের একটি ক্যাফেতে কাজ করতেন হাসান। ওইদিন শেষ রাতে বৈদ্যুতিক তার প্যাঁচিয়ে হাসান আত্মহত্যা করেন বলে তারা জানতে পারেন। কারও সঙ্গে কোনো পূর্ববিরোধ না থাকলেও পারিবারিক কোনো মতপার্থক্যের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। 

একই আইল্যান্ডে কর্মরত আরেক প্রবাসী মোজাম্মেল হক সাগর জানান, ঘটনার পরদিন সকালে ক্যাফের মালিক বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান। প্রশাসন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

দেশে হাসানের স্ত্রী ও এক শিশুসন্তান রয়েছে।