১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভল্টে ঢুকে চুরির চেষ্টা, ৯ ঘণ্টা আটকে থাকার পর মিলানে বাংলাদেশি গ্রেপ্তার

সিসিটিভির ভিডিওতে দেখা যায়, তিনি লেনদেনের স্বাভাবিক সময়েই ব্যাংকে প্রবেশ করেছিলেন।

ভল্টে ঢুকে চুরির চেষ্টা, ৯ ঘণ্টা আটকে থাকার পর মিলানে বাংলাদেশি গ্রেপ্তার
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 05:08 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

ব্যাংকের ভল্টে ঢুকে চুরির চেষ্টার অভিযোগে ইতালির মিলানে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

ইউনিক্রেডিট ব্যাংকের ভল্টে প্রায় নয় ঘণ্টা আটকে থাকার পর ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে ইউরোনিউজের খবরে বলা হয়েছে। 

ঘটনাটি ঘটে ইউনিক্রেডিট ব্যাংকের ভিয়ালে চেরতোসা শাখায়।  

ইতালির পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ২৪ বছর বয়সী ওই বাংলাদেশি লকার থেকে টাকা চুরি করতে ভল্টে প্রবেশ করেন। 

এরপর রাত ৯টার দিকে সিসিটিভিতে নিরাপত্তাকর্মীরা দেখতে পান, ওই ব্যক্তি লকার খোলার চেষ্টা করছেন। নিরাপত্তাকর্মীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গেলেও তাকে আটক করতে পারেনি। 

কারণ হলো, ভল্টের চাবি এমন একটি লকারে রাখা ছিল, যা পরের দিন সকাল ৮টার আগে খোলা সম্ভব ছিল না।  

ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

পরে তাকে ‘গুরুতর চুরির চেষ্টার’ অভিযোগে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই ভল্টে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা ছিল।

তদন্তকারীরা সিসিটিভির ভিডিও পরীক্ষা করে দেখছেন, কীভাবে তিনি নজর এড়িয়ে ভল্ট পর্যন্ত পৌঁছেছিলেন। 

প্রাথমিকভাবে জানা গেছে, তিনি লেনদেনের স্বাভাবিক সময়েই ব্যাংকে প্রবেশ করেছিলেন।

ঘটনার পর এক বিবৃতিতে ইউনিক্রেডিট বলেছে, তাদের অ্যালার্ম ব্যবস্থা সঠিকভাবে কাজ করেছে এবং কর্মীরা সঙ্গে সঙ্গে জরুরি সেবায় যোগাযোগ করেছেন। 

বর্তমানে ওই ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছেন।