১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্যারিসে বাংলাসহ ৬ ভাষার আন্তর্জাতিক কবিতাসন্ধ্যা

‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে এ অনুষ্ঠানে কবিতা পড়েন প্রায় অর্ধশতাধিক কবিতাপ্রেমী।

বিডিনিউজ২৪

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 10:58 AM

Updated : 26 Aug 2026, 03:24 PM

ফ্রান্সের রাজধানী প্যারিসে বর্ণিল আয়োজনে সম্পন্ন হলো বাংলাসহ ৬ ভাষার আন্তর্জাতিক কবিতাসন্ধ্যা। 

‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শীর্ষক এই অনুষ্ঠানে বিশ্বজনীন কবিতার সুরমূর্ছনায় মুগ্ধ হয়েছেন প্রবাসী ও স্থানীয় কবিতাপ্রেমীরা।

স্থানীয় সময় শনিবার বিকেলে প্যারিসের উপকণ্ঠ অভারভিলিয়ের একটি মিলনায়তনে এ আয়োজন করে ফরাসি সাংস্কৃতিক সংগঠন ‘ওভারভাবেল’ ও প্রবাসী আবৃত্তি সংগঠন ‘অক্ষর’। 

সার্বিক সহযোগিতায় ছিল ফরাসি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘ম্যাজোঁ পোখ তুস’। অনুষ্ঠানে বাংলা ভাষার পাশাপাশি ফরাসি, ইতালিয়ান, আরবি, জার্মান ও ফারসি ভাষায় কবিতা আবৃত্তি করা হয়। 

ভিনদেশি শ্রোতাদের কাছে কবিতার মর্মার্থ পৌঁছে দিতে প্রতিটি কবিতার ফরাসি ও ইংরেজি অনুবাদ উপস্থিত সবার মাঝে সরবরাহ করা হয়। এর ফলে ভাষার ভিন্নতা ছাপিয়ে কবিতার ভাবাবেগ সর্বজনীন হয়ে ওঠে।

আয়োজনের প্রধান সমন্বয়ক ঈষাণ দেওয়ান বলেন, “বাংলা কবিতাকে তার নিজস্ব মাধুর্য বজায় রেখে বিশ্বের বিভিন্ন ভাষায় উপস্থাপন এবং অন্যান্য ভাষার কবিতার সঙ্গে একটি সেতুবন্ধন তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।” 

তিনি আরও জানান, ফ্রান্স ও ইতালিতে এর আগে এ ধরনের দুটি সফল আয়োজন সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে ইউরোপের অন্যান্য দেশেও এ ধারা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাদের।

অনুষ্ঠানে অর্ধশতাধিক সংস্কৃতিকর্মী ও কবিতাপ্রেমী অংশ নিয়ে নিজ নিজ ভাষায় কবিতা পাঠ করেন। বিদেশের মাটিতে বহুজাতিক এই মিলনমেলা ভিন্ন ভাষার মানুষদের মধ্যে সাংস্কৃতিক ঐক্য ও মৈত্রী স্থাপনে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা করছেন।