৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যাচ্ছেন প্রবাসী হিমেল: ঢাকায় সংবর্ধনা

কিশোরগঞ্জে বেড়ে ওঠা হিমেল জানান, জলাভূমিতে কাটানো শৈশবই তার প্রেরণা।

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যাচ্ছেন প্রবাসী হিমেল: ঢাকায় সংবর্ধনা
সংবর্ধনা অনুষ্ঠানে নাজমুল হক হিমেল (বাঁ দিক থেকে তৃতীয়)।

বিডিনিউজ২৪

মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2025, 02:52 AM

Updated : 26 Aug 2026, 01:12 PM

বাংলাদেশের জাতীয় সাঁতার দলের সাবেক সদস্য এবং চীন প্রবাসী নাজমুল হক হিমেল আসছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যাচ্ছেন। 

সাঁতারু হিমেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ‘চীন-বাংলা ব্রিজ কমিউনিটি’।

অনুষ্ঠানে চীন-বাংলা ব্রিজ কমিউনিটির সদস্য গোলজার হোসেন সাগর বলেন, “হিমেল একজন পরিশ্রমী ও আত্মবিশ্বাসী মানুষ। আমরা যারা তাকে দীর্ঘদিন ধরে চিনি, জানি তার এই সাহসী পদক্ষেপ হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়। এটি তার বহুদিনের প্রস্তুতি ও স্বপ্নের প্রতিফলন।”

হিমেলের শৈশবসঙ্গী ও সাঁতারু মোহাম্মদ সালাউদ্দিন স্মৃতিচারণ করে বলেন, “আমরা একইসঙ্গে সাঁতারের শুরু করেছি। তবে হিমেলের মধ্যে বরাবরই একটা আলাদা কিছু করার আকাঙ্ক্ষা ছিল। আজ সে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যাচ্ছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়।”

বেইজিং থেকে পাঠানো ভিডিও বার্তায় বাংলাদেশি কমিউনিটির সদস্য সামসুল হক শুভকামনা জানিয়ে বলেন, “হিমেল এক কঠিন অভিযানে যাচ্ছে। মানসিক ও শারীরিকভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় সে অবশ্যই সক্ষম, আমরা এতে গর্বিত।”

কিশোরগঞ্জের নিকলিতে বেড়ে ওঠা হিমেল জানান, জলাভূমিতে কাটানো শৈশব তাকে পানির সঙ্গে এক আত্মিক বন্ধনে আবদ্ধ করেছে। সেই অভিজ্ঞতাই তাকে সাহসী করে তুলেছে। তবে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জার্নি যে সহজ হবে না, সে বিষয়েও সচেতন তিনি।

বিকেএসপি থেকে সাঁতারে প্রশিক্ষণ ও শিক্ষাগ্রহণ শেষে হিমেল পাড়ি জমান চীনের রাজধানী বেইজিংয়ে। সেখান থেকে অর্জন করেন উচ্চতর ডিগ্রি এবং দীর্ঘদিন কোচ হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি একাডেমিক ও পেশাদার জীবনে নিজেকে স্থিত করেছেন।

বাংলাদেশ থেকে সর্বশেষ কোনো সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দেন ১৯৮৭ সালে। প্রায় ৩৭ বছর পর আবারও বাংলাদেশের পতাকা তুলে ধরতে যাচ্ছেন হিমেল ও আরেক অলিম্পিয়ান সাঁতারু মাহফিজুর রহমান সাগর। 

আগামী ৭ জুলাই তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন এবং সেখানে গিয়ে অন্তত ১০ দিন প্রস্তুতি নেবেন।