১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ঢাবি প্রাক্তনদের বনভোজন ও মিলনমেলা

এতে অ্যাসোসিয়েশনের সদস্য ও কর্মকর্তারা সপরিবারে অংশ নেন।

যুক্তরাষ্ট্রে ঢাবি প্রাক্তনদের বনভোজন ও মিলনমেলা
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অ্যাটর্নি মইন চৌধুরী (মাঝে)।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2026, 01:54 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

যুক্তরাষ্ট্রে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার নিউ ইয়র্কের বেলমন্ট লেইক স্টেট পার্কে দিনব্যাপী এই অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সদস্য ও কর্মকর্তারা সপরিবারে অংশ নেন। 

উপস্থিত সাবেক শিক্ষার্থীরা পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখার কথা জানান। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, শিশু-কিশোরদের জন্য খেলাধুলা ও নানা প্রতিযোগিতা, খাবারের আয়োজন এবং আড্ডা। 

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র। এতে নগদ অর্থের ‘গ্র্যান্ড প্রাইজ’ এবং নিউ ইয়র্ক-ঢাকা-নিউ ইয়র্ক এয়ার টিকেটসহ মোট দশটি পুরস্কার দেওয়া হয়। এর পৃষ্ঠপোষকতা করেন গাজী ওয়াহিদুজ্জামান লিটন এবং প্রথম পুরস্কারের স্পন্সর ছিলেন অ্যাটর্নি মইন চৌধুরী।

সংগঠনের সভাপতি এম. এস. আলম বলেন, “প্রবাসেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য অটুট রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এই মিলনমেলার ধারাবাহিকতা বজায় রাখা হবে।”

আয়োজক কমিটির আহ্বায়ক মো. তাজুল ইসলাম এবং সদস্য সচিব ইউসুফ আলী উপস্থিত অতিথি, স্পন্সর, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সবার সম্মিলিত সহযোগিতায় এবারের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।”

অনুষ্ঠানটির বাস্তবায়নে ভূমিকা পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সরকার, প্রধান সমন্বয়কারী মো. আজহার আলী খান, সমন্বয়কারী বেলাল মাহমুদ, সুশীল সিনহা ও ইকবাল মোর্শেদ।