১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পর্তুগালে মঞ্চে অভিবাসী জীবন, অভিনয়ে ৮ বাংলাদেশি প্রবাসী

নাটকটির নির্মাণ ও নির্দেশনা দিয়েছেন পর্তুগিজ নির্মাতা মার্কো মার্টিনস।

পর্তুগালে মঞ্চে অভিবাসী জীবন, অভিনয়ে ৮ বাংলাদেশি প্রবাসী
‘উম ইনিমিগু দো পোভু’ (জনগণের শত্রু) নাটকের একটি দৃশ্য।

বিডিনিউজ২৪

শাহ মোহাম্মদ তানভীর, পর্তুগাল থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2026, 12:27 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

পর্তুগালের রাজধানী লিসবনে মঞ্চস্থ হচ্ছে অভিবাসীদের জীবনভিত্তিক একটি নাটক, যেখানে অভিনয় করছেন ৮ বাংলাদেশি প্রবাসী। 

‘উম ইনিমিগু দো পোভু’ (জনগণের শত্রু) নামে এ নাটকটি বৃহস্পতিবার থেকে মঞ্চায়িত হচ্ছে লিসবনের বেলেম এলাকায় অবস্থিত সেন্ত্রো কালচারাল দে বেলেম মিলনায়তনে, চলবে রোববার পর্যন্ত।

নাটকটির নির্মাণ ও নির্দেশনা দিয়েছেন পর্তুগিজ নির্মাতা মার্কো মার্টিনস। এটি নরওয়েজিয়ান নাট্যকার হেনরিক ইবসেনের নাটক ‘অ্যান এনেমি অব দ্য পিপল’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত একটি নতুন প্রযোজনা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, নাটকটিতে ইউরোপে বসবাসরত অভিবাসীদের জীবনসংগ্রাম, অনিশ্চয়তা ও নানা সামাজিক সংকটের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। বিশেষ করে বাংলাদেশি অভিবাসীদের ওপর পরিচালিত বিতর্কিত পুলিশের অভিযানের ঘটনাকে নাটকের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

‘উম ইনিমিগু দো পোভু’ (জনগণের শত্রু) নাটকের একটি দৃশ্য।

‘উম ইনিমিগু দো পোভু’ (জনগণের শত্রু) নাটকের একটি দৃশ্য।

আয়োজক সূত্র জানায়, দর্শকদের সুবিধার্থে নাটকটি চারটি ভাষায় পরিবেশিত হচ্ছে। ভাষাগুলো হলো পর্তুগিজ, ইংলিশ, বাংলা ও নেপালি।

নাটকে ৮ বাংলাদেশি প্রবাসীর পাশাপাশি আরও অংশ নিয়েছেন দুইজন পর্তুগিজ এবং একজন নেপালি অভিনেতা।

নাটকে অভিনয় করেছেন বাংলাদেশি শিল্পী নাসরিন সরকার। তিনি জানান, বিভিন্ন শিল্পমাধ্যমে কাজ করলেও এ ধরনের থিয়েটারে কাজ করা তার জন্য প্রথম অভিজ্ঞতা। 

চার দিনব্যাপী এই নাট্য আয়োজনকে ঘিরে অভিবাসী দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। প্রদর্শনী শুরুর আগেই সব টিকিট বিক্রি হয়ে গেছে।