১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মালদ্বীপে ময়লার স্তূপে বাংলাদেশির লাশ, ফের রিমান্ডে শ্রীলঙ্কার নাগরিক

দুদিন ধরে নিখোঁজ ছিলেন আমিন মিয়া; ২৮ জানুয়ারি ময়লার স্তূপে তার লাশ পায় স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ২৪

মালদ্বীপ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 01:42 AM

Updated : 26 Aug 2026, 02:59 PM

বাংলাদেশি প্রবাসীর লাশ উদ্ধারের ঘটনায় শ্রীলঙ্কার এক নাগরিককে নতুন করে ৪৫ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে মালদ্বীপের আদালত।  

মালদ্বীপের থিলাফুশি আইল্যান্ডের ল্যান্ডফিলে গেল মাসে মৃত্যু হয় ২৪ বছর বয়সী বাংলাদেশি প্রবাসী আমিন মিয়ার।

এ ঘটনায় গ্রেপ্তার শ্রীলঙ্কান নাগরিক হেশান মাদুরাঙ্গা দিশানায়ক মেনিকাকে (৩২) প্রথম দফায় ১০ দিনের রিমান্ড দেয় দেশটির স্থানীয় আদালত।

প্রথম দফার রিমান্ড শেষে বুধবার মাদুরাঙ্গাকে আদালতে হাজির করা হয়। সেখানে তার বিরুদ্ধে আনা স্থানীয় প্রশাসনের সব অভিযোগ আমলে নিয়ে নতুন করে রিমান্ডের আদেশ দেয় আদালত।

প্রশাসনের ধারণা, গত থিলাফুশি আইল্যান্ডের ল্যান্ডফিলে খননকারী যন্ত্রের (এক্সক্যাভেটর) আঘাতে মৃত্যু হয় আমিন মিয়ার।

তার মৃত্যুর রহস্য উদঘাটন বা বিচার চলাকালীন খননকারী যন্ত্র পরিচালনা করা শ্রীলঙ্কার নাগরিক হেশানকে আটক রাখতে চেয়েছিল স্থানীয় প্রশাসন। কিন্তু বিচারক তার বিরুদ্ধে আনা অভিযোগের উপর ভিত্তি করে রিমান্ড বাড়িয়ে দেয়। 

সিসিটিভি ভিডিওর বরাতে একাধিক স্থানীয় সংবাদমাধ্যম বলছে, আমিন মিয়ার মাথায় খননকারী যন্ত্র দিয়ে একের পর এক আঘাত করা হয়। কিন্তু হেশান খননকারী যন্ত্রটি বন্ধ না করে ক্রমান্বয়ে চালিয়ে যাচ্ছিলেন।

এছাড়া প্রত্যক্ষদর্শীর বরাতে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, যেদিন আমিন মিয়ার মৃত্যু হয়, সেদিনই মালদ্বীপ থেকে পালানোর চেষ্টা করেছিল হেশান।

মালদ্বীপে দুদিন ধরে নিখোঁজ ছিলেন আমিন মিয়া। ২৮ জানুয়ারি রাতে ময়লার স্তূপে তার লাশ পায় স্থানীয় প্রশাসন।