১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৫০ লাখ টাকার লটারি জিতলেন বাংলাদেশি

এক যুগ আগে বন্ধুদের কাছে ‘বিগ টিকেট’ লটারির গল্প শুনেছিলেন, তখন থেকে প্রতি মাসেই টিকেট কাটেন তিনি।

৫০ লাখ টাকার লটারি জিতলেন বাংলাদেশি
মোহাম্মদ চৌধুরী। ছবি: গালফ নিউজ

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2025, 12:10 AM

Updated : 26 Aug 2026, 01:16 PM

দুয়েক বছর নয়, টানা এক যুগ ধরে প্রতি মাসেই লটারির টিকেট কাটার পর অবশেষে কপাল খুলল সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ চৌধুরীর।

আবুধাবিতে বিগ টিকেট লটারির সাপ্তাহিক ড্র-তে বাজিমাত করেছেন তিনি। লটারির পুরস্কার মূল্য দেড় লাখ দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় ৫০ লাখ টাকা।

৪১ বছর বয়সী মোহাম্মদ চৌধুরী আবুধাবিতে থাকছেন দুই দশক ধরে, পেশায় গাড়িচালক। আবুধাবিতে তার তার ছোট ব্যবসাও রয়েছে।

গালফ নিউজ জানিয়েছে, ১২ বছর আগে বন্ধুদের কাছে বিগ টিকেট লটারির গল্প শুনেছিলেন তিনি। তখন থেকে প্রতি মাসেই টিকেট কেটেছেন। তবে দীর্ঘ অপেক্ষার পর তার ভাগ্যের চাকা খুলেছে।

টিকেট শো কর্তৃপক্ষ যখন বিজয়ী টিকেটের ঘোষণা দেয়, তখন হতবাক হয়ে যান মোহাম্মদ চৌধুরী। তিনি বলেন, “সত্যিই! আমি বিশ্বাস করতে পারছি না।”

লটারি জিতে মহাখুশি মোহাম্মদ চৌধুরী বলেন, “লটারির টিকেট কেনার টাকা জমানো কয়েকটি দলের অংশ আমি। কিছু দলে পাঁচজন, কিছু দলে দশ বা বিশজনও রয়েছে। কিন্তু এই টিকেটগুলো আমি নিজে কিনেছিলাম।”

‘দুটি কিনলে চারটি ফ্রি’ বান্ডলের টিকেট নিয়েছিলেন তিনি। তবে পুরস্কার জিতেছে তার ফ্রি টিকেটটি।

তিনি বলেন, “এই অনুভূতি ব্যাখ্যা করে বোঝানো যাবে না। এখন পরিকল্পনা হল লটারির অর্থ ১০ বন্ধুর মধ্যে ভাগ করে দেওয়া। এরপর চিন্তা করব, টাকা দিয়ে কী করব।”

এবার ছোট ব্যবসাটাকে বড় করতে পারবেন, সে কথাও বলেন তিনি।

তবে তার টিকিটটি এখনও আড়াই কোটি দিরহাম মূল্যের গ্র্যান্ড প্রাইজের প্রতিযোগিতায় রয়েছে। ৩ জুলাই সেই ড্রয়ের অপেক্ষায় রয়েছেন তিনি।