সরকার পদত্যাগ না করলে রাজপথেই ফয়সালা: ফখরুল
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৃহস্পতিবার কুমিল্লা থেকে রোড মার্চ করে চট্টগ্রামে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।
পদত্যাগ না করলে রাজপথেই ‘সরকারের পতনের ফয়সালা’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা থেকে চট্টগ্রামের পথে রোড মার্চ শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, “এই রোড মার্চের মধ্য দিয়ে আমরা সরকারকে সাফ জানিয়ে দিচ্ছি, এখনো সময় আছে, পদত্যাগ করেন, সংসদ বিলুপ্ত করে দেন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেন, নতুন নির্বাচন কমিশন গঠন করে নতুন নির্বাচনের ব্যবস্থা করেন।
“অন্যথায় জনগণ জানে কী করে স্বৈরাচার, বিনাভোটের ক্ষমতা দখলকারী সরকারকে সরাতে হয়। সেজন্য জনগণ আজকে রাস্তায় নেমেছে।”
বিএনপি মহাসচিব সমাবেশে শ্লোগান তুলে বলেন– ‘ফয়সালা হবে কোথায়’। সমবেত নেতাকর্মীরা এ সময় জবাব দেন- ‘রাস্তায়, রাজপথে’।
মির্জা ফখরুল বলেন, “রাজপথ দখল করে রাখতে হবে। শান্তিপূর্ণভাবে দখলে রাখতে হবে… বুঝেছেন।
“ভবিষ্যতে যদি বাঁচতে চান, দেশকে যদি রক্ষা করতে চান, দেশকে যদি মুক্ত করতে চান, আমাদের কোনো বিকল্প নাই এই জগদ্দলকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আর কাল-বিলম্ব নয়, আমাদেরকে জেগে উঠতে হবে, মানুষকে জাগিয়ে তুলতে হবে এবং রাজপথ দখল করতে হবে। আসুন সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি।”
সরকার ‘দুর্নীতি করার জন্য’ রূপপুর পারবামণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নিয়েছে অভিযোগ করে ফখরুল বলেন, সেখানে যথাযথ নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হয়নি।
“রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য ইউরেনিয়াম নিয়ে আসছে। আজকে এর উদ্বোধন হচ্ছে। ইউরোনিয়াম হচ্ছে ভয়ঙ্কর সেই কেমিকেল, যে কেমিকেল যদি ব্লাস্ট করে, তাহলে মাইলের পর মাইল ধ্বংস হয়ে যায়।বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্মের মানুষের ওপর তার বিরুপ প্রতিক্রিয়া হয়, মানুষ ক্ষতির মুখে পড়ে। চেরোনোবিলে এরকম বিস্ফোরণ ঘটেছিল, সেখানে মাইলের পর মাইল মানুষ ধবংসের মুখে পড়েছিল।”
“আজকে কোনো রকমের নিরাপত্তা ব্যবস্থা না রেখে এই সরকার শুধুমাত্র চুরি করার জন্য দুর্নীতির করার জন্য এই প্রকল্প করেছে, যেটাতে সাধারণ মানুষ কোনো উপকার পাচ্ছে না।”
সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির এক দফার দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় কুমিল্লার কালা খন্দকার ফিলিং স্টেশনের সামনে থেকে এই রোড মার্চ শুরু হয়। রোডমার্চটি ফেনী হয়ে চট্টগ্রামে গিয়ে শেষ হবে।
গত ২১ সেপ্টেম্বর সিলেট বিভাগ থেকে বিএনপি রোড মার্চ শুরু করে। এরপর ২৩ মার্চ বরিশাল বিভাগ, ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগ, ২৯ সেপ্টেম্বর ময়মনসিংহ বিভাগ ও ৩ অক্টোবর ফরিদপুর সাংগঠনিক বিভাগে রোড মার্চ হয়। কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চের মধ্য দিয়ে ছয়টি রোড মার্চের কর্মসূচি শেষ করতে যাচ্ছে বিএনপি।
কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক আমিনুর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, যুব দলের সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের হাসান জাফির তুহিন বক্তব্য দেন।
