১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার পুষ্টিকর খাবারের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে নজর আওয়ামী লীগের

সুশাসনের বিষয়টিও ইশতেহারে প্রাধান্য পাবে বলে জানিয়েছেন আব্দুর রাজ্জাক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2023, 12:26 AM

Updated : 06 Nov 2023, 12:26 AM

দুধ, ডিমসহ পুষ্টিকর খাবারে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য ইশতেহারে রাখতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, “আমরা দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও দুধ, ডিমসহ পুষ্টিকর খাবারে পিছিয়ে আছি। সেটা আগামীতে দূর করতে হবে। 

“এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। ইশতেহারে এই চ্যালেঞ্জের বিষয়টা থাকবে।" 

রোববার বিকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ইশতেহার উপ কমিটির সভায় তিনি এ কথা বলেন। 

কোভিড মহামারী এবং রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের কারণে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে পারেনি উল্লেখ করে রাজ্জাক বলেন, “অর্থনীতির কাঠমোটাকে পুনর্গঠন করতে হবে। এটাকে এমন জায়গায় স্থাপন করতে হবে, যাতে আগের গতিশীলতা ও জায়গা পুনরুদ্ধার করতে পারি। এ লক্ষ্যে আগামী নির্বাচনী ইশতেহারে আমরা আগাব।" 

মাথাপিছু আয় বাড়ানোর পাশাপাশি দারিদ্র্য কতটা কমানো হবে, সেই পরিকল্পনা ইশতেহারে থাকবে উল্লেখ করে তিনি বলেন, “এখন দারিদ্র্য ১৮ দশমিক ৪ নামিয়ে আনছি। এটি কমিয়ে আমরা ১২তে নামিয়ে আসব। অতিদরিদ্র ৯ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনব।"

কর্মসংস্থানের বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, “কর্মসংস্থান করতে হলে আমাদের উৎপাদনমুখী শিল্পকারখানা বাড়াতে হবে। এটা বর্তমানে ৩০ শতাংশ থাকলেও আগামীতে ৪০ শতাংশে উন্নতি করতে চায় আওয়ামী লীগ।" 

সুশাসনের বিষয়টিও ইশতেহারে প্রাধান্য পাবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা প্রতিশ্রুতি দিয়েছি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা করব, সকলের অংশগ্রহণ নিশ্চিত করব। উন্নয়ন সকলের জন্য করব। কেউ পিছিয়ে থাকবে না।" 

সাংস্কৃতিক বিকাশ না থাকলে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ থাকবে না বলে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় ধরে রাখতে হলে পুরো জনগোষ্ঠীকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। সংস্কৃতিক বিকাশ ঘটাতে হবে এবং সংস্কৃতিকে সমৃদ্ধ করতে হবে। 

“ধর্মান্ধ ও সাম্প্রদায়িকতা থেকে মানুষকে বের করার জন্য মানুষকে আরও বেশি সংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে।"