ক্ষমতাসীনেরা অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে: গয়েশ্বর
“একাত্তরে যুদ্ধের পর পিস কমিটির যেমন দশা হয়েছিল, আমার মনে হয় ভবিষ্যতে এই ‘পিস কমিটি’র অবস্থাও তেমন হবে,” বলেন তিনি।
ক্ষমতাসীনরা শান্তি সমাবেশের নামে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এ অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
তিনি বলেন, “১৯৭১ সালে যেমন একটা ‘পিস কমিটি’ ছিল, আপনারা জানেন, শান্তি কমিটি এবং শান্তি কমিটির চেয়ারম্যান। একাত্তরের যুদ্ধের শেষে যদিও শান্তি কমিটির চেয়ারম্যানদের খুঁজে আর পাওয়া যায় নাই। সেখানে এই সরকার ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটা ‘পিস কমিটি’ করেছে।
“আমরা যখনই কর্মসূচি দেই এই পিস কমিটি শান্তির নামে অশান্তি সৃষ্টি করে। সেদিনের পিস কমিটি ছিল পাকিস্তানের পক্ষে। আজকের পিস কমিটি সরকারের হলেও গণতন্ত্রের বিপক্ষে। সুতরাং একাত্তরে যুদ্ধের পর পিস কমিটির যেমন দশা হয়েছিল, আমার মনে হয় ভবিষ্যতে এই পিস কমিটির অবস্থাও তেমন হবে।”
গয়েশ্বর বলেন, “আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছি। জনগণ রাস্তায় নামছে এবং আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করছে।
“পদযাত্রার মতো শান্তিমূলক কর্মসূচি আর আসছিল কি না আমি সরকারের কাছে জানতে চাই। সেই পদযাত্রায় আপনারা বাধা দেন আপনাদের দলীয় নেতাকর্মী দিয়ে। ঢাকাসহ বিভিন্ন জায়গায় অসংখ্য গ্রেপ্তার করেছেন, শতাধিক আহত করেছেন, অনেক জায়গায় দলীয় কার্যালয় ভাঙচুর করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন। এসব করে বিএনপির অগ্রযাত্রাকে বন্ধ করা যাবে না।”
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ মানববন্ধন হয়।
জাসাসের সভাপতি হেলাল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন জাকিরের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, জাসাসের লিয়াকত আলী, জাহেদুল আলম হিটো, হাসান চৌধুরী, ফেরদৌস কবির জাকির, এবিএম সোহেল রশীদ বক্তব্য রাখেন।
