Published : 27 Apr 2024, 07:34 PM
দেশে চলমান দাবদাহকে ‘আল্লাহর গজব’ বলে বর্ণনা করেছেন রওশনপন্থি জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ।
তিনি বলেছেন, “যখন দেশে পাপ, অন্যায়, অত্যাচার ও জুলুম বেড়ে যায়- তখন আল্লাহ এ রকম গজব নাজিল করেন। তাই কখনও অতি বৃষ্টি, কখনও খরা, কখনও বন্যা, কখনও ঝড়, কখনও ভূমিকম্প- এমনকি কখনও অগ্নিসংযোগ দিয়ে মানুষকে শান্ত করার চেষ্টা করেন।”
শনিবার রাজধানীর মোহাম্মদপুরের ঈদগাহ মাঠে জাতীয় পার্টির উদ্যোগে ইসতিসকার নামাজ শুরুর আগে তিনি এ মন্তব্য করেন।
কাজী ফিরোজ রশিদ বলেন, “আমার মনে হয়, আমাদের পাপ অনেক বেড়ে গেছে। তাই আমাদের সকলের উচিত আল্লাহর কাছে মাফ চাওয়া। আল্লাহ যেন আমাদের জাতিকে মুক্তি দেন, সেজন্য আমরা এখানে আজ জড়ো হয়েছি।
“যখন দেশে জুলুম বেড়ে গেলেও সেটার কোনো প্রতিকার হয় না- তখন আল্লাহ এই সমস্ত গজব নাজিল করে সেই জাতির উপরে। বাংলাদেশের উপর দিয়ে এখন একটা গজব বয়ে যাচ্ছে।”
ইসতিসকার নামাজ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় কওমী মাদরাসার শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
এরপর মোহাম্মদপুর থানা জাতীয় পার্টির উদ্যোগে টাউন হলের সামনে জনসাধারণের মাঝে পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করেন দলের শীর্ষ নেতারা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদ, সিনিয়র কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, স্থানীয় কাউন্সিলর ও পার্টির কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু, কো-চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন, সুনীল শুভরায়।