মিছিল, সমাবেশের অনুমতি চেয়ে ফের আবেদন জামায়াতের
এর আগে ৫ জুন সমাবেশ ও মিছিল করার অনুমতি চেয়ে আবেদন করেছিল জামায়াত, পুলিশ তাতে সাড়া দেয়নি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার সব নেতাদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ ও মিছিল করার অনুমতি চেয়ে ফের আবেদন করেছে জামায়াতে ইসলামী।
আগামী ১০ জুন বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ পরবর্তী মিছিল করার অনুমতি চেয়ে মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ কমিশনারের বরাবরে দলের পক্ষ থেকে এই আবেদন করা হয়।
অ্যাডভোকেট সাইফুল ইসলামের নেতৃত্বে জামায়াতের ৮ সদস্যের প্রতিনিধি দল বিকালে ডিএমপি কার্যালয়ে গিয়ে আবেদনপত্র জমা দেন।
একই বিষয়ে জামায়াত এর আগে ৫ জুন সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করলে কর্মদিবসে সাধারণ মানুষের হয়রানি বাড়বে জানিয়ে অনুমতি দেয়নি পুলিশ।
নতুন আবেদনের বিষয়ে জানতে চাইলে পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের আবেদন পাওয়া গেছে। গোয়েন্দা তথ্যসহ সব ধরনের তথ্য সংগ্রহ করে পরবর্তী কি সিদ্ধান্ত হয় তা আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে।”
পুরনো খবর
